ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গ শক্তি ২০২৬’-এ যোগ দিতে রাজস্থানে এসেছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ছয়টি এফ-৩৫ লাইটনিং-২ ফাইটার জেট ও দুই শতাধিক মার্কিন বিমানসেনা। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সার্জিও গোর বলেন, ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক মহড়া ‘তরঙ্গ শক্তি’-তে অংশ নিতে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর দুই শতাধিক সেনা যোধপুরে পৌঁছেছেন। তাদের সঙ্গে এসেছে মার্কিন বিমান বাহিনীর পঞ্চম প্রজন্মের ছয়টি এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমান। ভারতীয় বিমান বাহিনীর কোনো মহড়ায় এই প্রথম মার্কিন বিমান বাহিনী অংশ নিচ্ছে বলেও জানান তিনি। তার ভাষ্য, নতুন এই যুদ্ধবিমানগুলোরও মহড়ায় অভিষেক হবে।
‘তরঙ্গ শক্তি’ ভারতীয় বিমান বাহিনীর উদ্যোগে আয়োজিত একটি বহুজাতিক বার্ষিক মহড়া। ২০২৪ সালে প্রথমবারের মতো এ মহড়ার আয়োজন করা হয়। ২০২৫ সালে মহড়াটি অনুষ্ঠিত হয়নি। ফলে চলতি বছর দ্বিতীয়বারের মতো এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার যোধপুর বিমান ঘাঁটিতে শুরু হওয়া মহড়া চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। যুক্তরাষ্ট্রসহ ৪০টি দেশ এতে অংশ নিচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনীও সি-১৩০জে পরিবহন বিমান নিয়ে মহড়ায় অংশ নিয়েছে।
স্টেলথ প্রযুক্তির এফ-৩৫ লাইটনিং-২ পঞ্চম প্রজন্মের বহুমুখী যুদ্ধবিমান। এটি তথ্য সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও আদান-প্রদানের মাধ্যমে আকাশ, স্থল, সমুদ্র, মহাকাশ ও সাইবার কার্যক্রমের মধ্যে সমন্বয় স্থাপনে সক্ষম।
এবারের মহড়ার অন্যতম আকর্ষণ এফ-৩৫ লাইটনিং-২। এর পাশাপাশি ফ্রান্সের রাফাল, ভারতের নিজস্ব প্রযুক্তির তেজস এবং সুখোই-৩০ এমকেআই-এর মতো যুদ্ধবিমানও মহড়ায় অংশ নিচ্ছে।
সময়ের আলো/জেডি