ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে টানা তিন দিনের ভারী বৃষ্টি থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৫৬ জন নিহত হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) রাজ্যটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে দুর্যোগে এক হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ কোটির বেশি মানুষের বসবাস উত্তর প্রদেশে। দেশটির সবচেয়ে জনবহুল এই রাজ্যে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে ভারী বৃষ্টি ও কালবৈশাখীর মতো ঝড় হয়ে থাকে।
রাজ্যের ত্রাণ কমিশনারের কার্যালয় জানিয়েছে, উত্তর প্রদেশের বিস্তীর্ণ এলাকায় রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টির পর বন্যা ও ভূমিধস দেখা দেয়। এতে ৫৬ জনের মৃত্যু হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ স্থলভাগে প্রবেশের পর পুরো অঞ্চলে বৃষ্টির তীব্রতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এর ফলে এক হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভারতে গত কয়েক বছর ধরে বজ্রঝড় ও বজ্রপাতসহ চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে বলে সতর্ক করে আসছে দেশটির আবহাওয়া অফিস। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে এসব ঘটনার সম্পর্ক রয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত উত্তর প্রদেশে গড়ে ৬৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অথচ বছরের এই সময়ে রাজ্যটিতে স্বাভাবিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ৭ দশমিক ৬ মিলিমিটার।
সময়ের আলো/ইউএমএইচ