বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে গ্রেফতার ভারতীয় নাগরিক রবিউল ইসলামকে (৪৪) জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড শেষে ফের আরও ৪ দিনের দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ এ তথ্য জানান।
রোববার (২৭ সেপ্টেম্বর) রিমান্ড শেষে আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগের অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার টিমের পরিদর্শক মেজবাহ উদ্দিন পুনরায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপিটন ম্যাজিস্ট্রট জুয়েল রানা এ আদেশ দেন। এর আগে, ২৩ সেপ্টেম্বর তাকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
রিমান্ডের আবেদনে বলা হয়, আসামিকে উত্তরা পশ্চিম থানাধীন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। তিনি একজন ভারতীয় নাগরিক এবং ১৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে অবস্থান করছেন। তার গতিবিধি সন্দেহজনক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পাসপোর্ট দেখান। নিজেকে ভারতীয় নাগরিক বলে জানালেও পরবর্তীতে তার কাছে থাকা ভারতীয় পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং এনআইডি যাচাই করে দেখা যায় যে, ড্রাইভিং লাইসেন্স ও এনআইডির জন্ম তারিখের সঙ্গে পাসপোর্টের জন্ম তারিখের মিল নেই। এছাড়া, একেক সময় একেক ধরনের তথ্য দিয়ে সে তদন্ত বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
আবেদনের আরও বলা হয়, তিনি ইতোপূর্বে অনেকবার বাংলাদেশ ভ্রমণ করলেও বাংলাদেশে আসা-যাওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ উপস্থাপন করতে পারেননি। ধারণা করা হচ্ছে যে, আসামি বাংলাদেশে কোনো ধ্বংসাত্মক অপরাধের সঙ্গে জড়িত আছে। সাম্প্রতিক সময়ে ঢাকা শহরসহ সারা দেশে নাশকতামূলক কার্যক্রমে তার সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তাকে আপাতত ফৌজদারী কার্যবিধি ৫৪ ধারা মতে গ্রেফতার করা হয়েছে।
সময়ের আলো/মহু