ফের উত্তাল ভারত, যুদ্ধবিমান-ট্যাংকের ওপর উঠে শিক্ষার্থীদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে (এলপিইউ) এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রোববার (২৭

2026-09-27T19:07:18+00:00
2026-09-27T19:07:18+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ফের উত্তাল ভারত, যুদ্ধবিমান-ট্যাংকের ওপর উঠে শিক্ষার্থীদের বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৭ পিএম 
ক্যাম্পাসের ভিডিওতে বিপুলসংখ্যক শিক্ষার্থীকে বিক্ষোভ করতে দেখা গেছে। ছবি : এনডিটিভি
ভারতের পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে (এলপিইউ) এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে শত শত শিক্ষার্থী ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় এক শিক্ষার্থীকে ক্যাম্পাসে প্রদর্শনের জন্য রাখা ভারতীয় বিমানবাহিনীর মিগ-২৩ যুদ্ধবিমানের ওপর এবং আরও কয়েকজনকে একটি সামরিক ট্যাংকের ওপর উঠে প্রতিবাদ করতে দেখা যায়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভোররাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হোস্টেলের কাছে বিক্ষোভ শুরু হয়। শিক্ষার্থীদের অভিযোগ, গত ২৪ সেপ্টেম্বর হোস্টেলে থাকা এক ছাত্রীকে বহিরাগত এক ব্যক্তি ধর্ষণ করেছেন। ওই ব্যক্তি প্লাম্বার বা নির্মাণকাজের সঙ্গে যুক্ত ছিলেন বলেও শিক্ষার্থীরা দাবি করেন। তাদের আরও অভিযোগ, বিষয়টি হোস্টেল ওয়ার্ডেনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তবে ধর্ষণের অভিযোগের সত্যতা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগটিকে গুজব ও ভিত্তিহীন দাবি করেছে।

বিক্ষোভের সময় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ব্যাপক জমায়েত ও স্লোগান দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে জানালার কাচ ও ফুলের টব ভাঙচুরের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের কিছু অংশে আগুন এবং কয়েকটি দোকানে ভাঙচুরের দৃশ্যও দেখা যায়।

ঘটনার পর শিক্ষার্থীরা জলন্ধর-ফাগওয়ারা জাতীয় মহাসড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে। পরে পুলিশ বিকল্প সড়ক দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করে।

কাপুরথালা জেলার পুলিশ সুপার গৌরব তুরা বলেন, গুজব ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীরা জড়ো হন। পুলিশের সঙ্গে কথা বলার সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনসংক্রান্ত বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন। পুলিশ তাদের অভিযোগ শুনেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

জলন্ধর রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক নবীন সিংলা জানান, পুলিশের কাছে ওই ছাত্রীর বক্তব্য নেওয়া হয়েছে এবং অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযুক্তের পরিচয় এখনো নিশ্চিত না হওয়ায় প্রাথমিকভাবে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।


তিনি জানান, ঘটনাটি তদন্তে ফরেনসিক পরীক্ষা, সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করা হবে। শিক্ষার্থী নেতাদের সঙ্গে সমন্বয় করেও তদন্ত এগিয়ে নেওয়া হবে। এ জন্য একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করা হয়েছে। ফাগওয়ারার পুলিশ সুপার মেজর সিংয়ের নেতৃত্বে দলটি তদন্ত করবে।

বিক্ষোভকারীদের আরও কিছু দাবি রয়েছে। এর মধ্যে ছাত্রী হোস্টেলগুলোর পুরো কর্মী কাঠামো নারী সদস্যদের দিয়ে পরিচালনার দাবিও রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এসব দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হবে।

এদিকে এলপিইউর রেজিস্ট্রার মনিকা গুলাটি এক বিবৃতিতে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য মাধ্যমে ছড়িয়ে পড়া এসব গুজবের কোনো সত্যতা নেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, কিছু ‘সমাজবিরোধী’ ব্যক্তি মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষকে এসব তথ্য বিশ্বাস বা ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে পরিস্থিতি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক বক্তব্য অনুসরণ করার অনুরোধ জানিয়েছে।

সূত্র : এনডিটিভি


সময়ের আলো/ইউএমএইচ 
  বিষয়:   ভারত  শিক্ষার্থী  বিক্ষোভ  যুদ্ধবিমান  ট্যাংকে 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: