জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের মানুষ ভারসাম্যহীন, নাকি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ?
রোববার (২৭ সেপ্টম্বর) নিজের ভেরিভায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ প্রশ্ন করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে এসে চাঁদাবাজির জন্য বিএনপির লোকজন ভাঙচুর করেছে এবং তিনি এর জন্য মামলাও করেছেন। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আজ এসে বললেন, কোনো মামলা হয়নি, এরকম কোনো মামলা হয়নি। একজন স্বরাষ্ট্রমন্ত্রী এত মিথ্যা কথা কীভাবে বলতে পারেন? তার কি কোনো অনুশোচনা নেই? অনুশোচনা থাকবে কীভাবে! বাংলাদেশে কোথায় কী হচ্ছে, কোথায় মামলা হচ্ছে, কোথায় মানুষ চাঁদাবাজি আর সন্ত্রাসের শিকার হচ্ছে, এগুলো হয়ত তার ধান্দার মধ্যে পড়ে না।’
এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে যদি তিনি বারবার অসত্য বা বিভ্রান্তিকর তথ্য দেন, তাহলে তার এই পদে থাকার কোনো যোগ্যতাই নেই।’
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, ‘তার ধান্দা তো অন্য জায়গায়। ছেলের জন্য ৪০ হাজার কোটি টাকার প্রকল্প, সেখান থেকে নিজের পকেটে ২ হাজার কোটি টাকা ঢোকানোর ধান্দা। আইনশৃঙ্খলা সামলানো, কোথায় মামলা হলো, কোথায় কী ঘটল, এগুলো তার ধান্দা না। তার ধান্দা নিজের পকেটে টাকা ঢোকানো।’
সবশেষে তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এখন একটা প্রশ্ন দাঁড়ায় সারা বাংলাদেশের মানুষ ভারসাম্যহীন, নাকি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন? আপনি কি বুঝতেছেন? বুঝেন নাই মনে হয়! এখন আপনারাই এনালাইসিস করুন।’
সময়ের আলো/মহু