ফুটবল জার্সিতে স্পনসরের লোগো নতুন কিছু নয়। তবে একটি জার্সিতে ১৪৮টি নাম ও লোগো—দৃশ্যটা নিঃসন্দেহে ব্যতিক্রমী। ইকুয়েডরের ঐতিহ্যবাহী ক্লাব এল নাসিওনাল আর্থিক সংকট সামাল দিতে নিয়েছে এমনই অভিনব উদ্যোগ।
আগস্টে ক্লাবটি জার্সির বিভিন্ন অংশে স্পনসরশিপের জায়গা বিক্রির ঘোষণা দেয়। সমর্থক, পরিবার, উদ্যোক্তা ও প্রতিষ্ঠান—যে কেউ অর্থের বিনিময়ে জার্সিতে নিজের নাম বা প্রতিষ্ঠানের লোগো যুক্ত করার সুযোগ পান। শেষ পর্যন্ত এই উদ্যোগে যুক্ত হয়েছেন ১৪৮ জন।
জার্সির জায়গাভেদে ছিল ভিন্ন দাম। হাতা ও পিঠের জায়গার জন্য নেওয়া হয়েছে ২৫০ ডলার, আর বুকের মাঝের অংশের জন্য ৫০০ ডলার। পরে ক্লাবটি বিশেষ সংস্করণের জার্সি সমর্থকদের কাছেও বিক্রি শুরু করেছে, যার দাম ৫৪.৯০ ডলার।
জার্সিটিতে এত বেশি নাম ও লোগো থাকায় পুরো পোশাকের প্রায় প্রতিটি অংশই স্পনসরদের জায়গা হয়ে গেছে। ক্লাবের পক্ষ থেকে এটিকে সংকটের সময়ে পাশে থাকা সমর্থক ও প্রতিষ্ঠানগুলোর অবদানের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে।
তবে মাঠে নতুন জার্সির অভিষেকটা সুখকর হয়নি। ২৫ সেপ্টেম্বর কুমবায়ার বিপক্ষে ইকুয়েডরের দ্বিতীয় বিভাগের ম্যাচে ৩-০ গোলে হেরেছে এল নাসিওনাল। এই হারেই ক্লাবটির দ্বিতীয় বিভাগ থেকে আরও নিচের স্তরে অবনমন নিশ্চিত হয়েছে।
অর্থাৎ আর্থিক সংকটের পাশাপাশি মাঠের অবস্থাও ভালো নয়। জার্সিতে ১৪৮ স্পনসর আনার উদ্যোগ তাই ক্লাবটির জন্য কেবল অভিনব বিপণন কৌশল নয়, কঠিন সময়ে অর্থ সংগ্রহের একটি প্রচেষ্টাও। এর আগে পেরুর ক্লাব দেপোর্তিভো মুনিসিপালও আর্থিক সংকটের সময় জার্সিতে বিজ্ঞাপনের জায়গা বিক্রি করে অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছিল।
সময়ের আলো/টিকে