গত মৌসুমের হতাশা ভুলে নতুন করে পথচলা শুরু করতে যাচ্ছে দেশের পুরোনো ও ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে এবার দল সাজানোর পাশাপাশি কোচিংয়েও বড় পরিবর্তন এনেছে সাদা-কালোরা।
স্প্যানিশ কোচ ফের্নান্দো সান্তিয়াগো ভারেলার হাতে তুলে দেওয়া হয়েছে দলের দায়িত্ব। নতুন কোচের অধীনে এবার মাঠের পারফরম্যান্সে হারানো গৌরব ফিরিয়ে আনতে চায় ক্লাবটি। ২০২৪-২৫ মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার পর গত মৌসুমে শিরোপা ধরে রাখার অভিযানে মোহামেডানের অবস্থান ছিল পঞ্চম।
নতুন দায়িত্ব নিয়ে ভারেলার প্রথম লক্ষ্যই অবশ্য পরিষ্কার। জয়ের মানসিকতা তৈরি করা। প্রতিটি অনুশীলন ও ম্যাচে খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আবহ চান এই উয়েফা প্রো-লাইসেন্সধারী কোচ। ‘আমি অত্যন্ত প্রতিযোগিতামূলক মনের মানুষ। খেলোয়াড়দের অনুশীলন, মাঠ এবং প্রতিটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতা নিয়ে থাকতে হবে। যে প্রতিযোগিতাতেই খেলি না কেন, সেখানে জয়ের জন্যই লড়াই করতে চাই। চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। বলা সহজ, কিন্তু যে ক্লাবেই কাজ করি, শিরোপার জন্য লড়াই করাই আমার প্রতিশ্রুতি’, বলেন ভারেলা।
নতুন কোচের অধীনে দল নির্বাচনের ক্ষেত্রেও কোনো নামের ওপর নির্ভর করতে চান না ভারেলা। জাতীয় দলের খেলোয়াড় কিংবা বিদেশি— সবার জন্যই জায়গা ধরে রাখার লড়াই থাকবে। ‘আগামী ম্যাচে কে খেলবে বা কে পুরোপুরি প্রস্তুত, তা গত কয়েক সপ্তাহের পারফরম্যান্স দেখে সিদ্ধান্ত নেব। এটাই আমার কাজের ধরন’, বলেন ভারেলা।
বাংলাদেশে কাজ করার সুযোগ নিয়ে উচ্ছ্বসিত এই স্প্যানিশ কোচ। সমর্থকদেরও দিয়েছেন মাঠে আনন্দ পাওয়ার মতো ফুটবল দেখানোর প্রতিশ্রুতি। ‘প্রত্যেকে নিজের পজিশনের জন্য লড়বে এবং প্রতিটি অনুশীলনে পরবর্তী ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করবে। সমর্থকদের বলতে চাই, এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। আমরা এমন ফুটবল উপহার দিতে চাই, যা দেখে আপনারা আনন্দ পাবেন। একই সঙ্গে আমরা শিরোপার জন্য লড়াই করব’, বলেন ভারেলা।
ক্লাবের নতুন পরিকল্পনায় আশাবাদী মোহামেডানের সভাপতি বরকত উল্লাহ বুলুও। তার দাবি, দেশের ক্লাবগুলোর মধ্যে সর্বোচ্চ বাজেটে দল সাজিয়েছে মোহামেডান। ‘আমরা মোহামেডান ক্লাবের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করেছি। দেশের ক্লাবগুলোর মধ্যে সর্বোচ্চ বাজেটের দল গড়েছি। উন্নত মানের কোচ এনেছি। আশা করি তার হাত ধরে মোহামেডান চ্যাম্পিয়ন হবে’, বলেন তিনি।
ক্লাবের এই নতুন যাত্রা নিয়ে আবেগাপ্লুত ছিলেন সাইদ হাসান কাননও। ‘১৬ বছর পর এবার আমরা সবচেয়ে ভালো দল গড়তে পেরেছি। কঠিন সময়েও আমরা ক্লাবকে ধরে রেখেছি। এবার আবার চ্যাম্পিয়ন হওয়ার মতো দল হয়েছে। ইনশাআল্লাহ আমরা লড়াই করব। কোচ যেকোনো দলের জন্য গুরুত্বপূর্ণ। তার টেকনিক্যাল দিকগুলোও অনেক ভালো’, বলেন তিনি।
গতকাল খেলোয়াড়দের ছুটি দিয়েছিল মোহামেডান। আজ ভারেলার অধীনে আনুষ্ঠানিকভাবে নতুন অনুশীলন পর্ব শুরু হবে। নিজেদের মাঠ না থাকায় ধানমন্ডি মাঠ ও কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল টার্ফেই প্রস্তুতি নিতে হবে সাদা-কালোদের।
সময়ের আলো/প্রিন্ট/টিকে