বোয়ালখালীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে একটি ভাড়াবাসার ১৩টি বসতঘর ও দুটি দোকান পুড়ে গেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব কালুরঘাট শেখ বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে জামাল সওদাগরের ভাড়াবাসায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ভাড়াটিয়ারা আতঙ্কে ঘর থেকে বের হয়ে আসেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ভাড়াবাসার মালিক জামাল সওদাগর বলেন, আগুনে তার ১৩টি ভাড়াঘর পুড়ে গেছে। ভাড়াটিয়ারা ঘর থেকে তেমন কোনো মালামাল বের করতে পারেননি। নাছিমা বেগমের নগদ ১০ হাজার টাকা এবং দুটি দোকানের মালামালও পুড়ে গেছে। একটি মুদির দোকান ও একটি বেকারিসহ ভাড়াটিয়াদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়াদের মধ্যে রয়েছেন চকরিয়ার গার্মেন্টসকর্মী নাছিমা, গাড়িচালক শাকিল ও নেজাম, গার্মেন্টসকর্মী রাজিব, পটিয়ার রাজমিস্ত্রি হেলাল, হাজারীরচরের জান্নাত ও উখিয়ার গাড়িচালক মুন্না।
প্রত্যক্ষদর্শী সোহেল বলেন, ক্ষতিগ্রস্তদের অনেকে চাকরিতে থাকায় আগুন লাগার সময় ঘরে ছিলেন না। ফলে ঘর থেকে মালামাল উদ্ধারের সুযোগ হয়নি। সেখানে পাঁচটি পরিবার ও কয়েকজন ব্যাচেলর ভাড়াটিয়া থাকতেন।
বোয়ালখালী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ অলক চাকমা বলেন, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।
সময়ের আলো/আতা