মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীর ঝুলন্ত মরদেহ নিজ কক্ষ থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া দৌলত বেপারীর ৫ তলা ভবনের টিএমসি-এর শাখা অফিসের নীচতলার আবাসিক কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেন সিরাজদিখান থানা পুলিশ ইনচার্জ মো. আলাউদ্দিন। একরামূল হক (৪৩) কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার চাকিরপাশার গ্রামের মো. আছের উদ্দিনের ছেলে। তিনি টেংমারি মহিলা সমিতি(টিএমসি) ক্ষুদ্র ঋণ বিভাগে সিরাজদিখান শাখার ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
সহকর্মীদের বরাতে পুলিশ এসআই হাসনাইন আহম্মেদ বলেন, রোববার রাতে মো. একরামূল হক খাবার শেষে নিজ ঘরে চলে যান। কিন্তু সোমবার সকালে অফিসে না এলে সহকর্মীরা তার বাসার মোবাইলে একাধিকবার কল করলেও কোনও সাড়া মেলেনি। বাসার দরজার সামনে গিয়ে সহকর্মী একরামূলকে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন। পরে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
ওই শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, মো. একরামূল হকের সঙ্গে তার স্ত্রীর কিছুদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, অভিমান করে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
সিরাজদিখান থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
সময়ের আলো/এনএন