যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় দায়ের করা মামলায় আপসের শর্তে জামিন পেয়েছেন আলোচিত ইসলামিক বক্তা ও ‘৩১৩ প্রোপার্টিজ’র চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান মিসবাহ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) পঞ্চম স্ত্রী মোসা. হুমায়রা জান্নাতের করা মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে উভয় পক্ষের শুনানি শেষে আগামী ধার্য তারিখ পর্যন্ত তার জামিন মঞ্জুর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবিএম ইবরাহিম খলিল। আদালত চত্বরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, শুনানিতে বাদীপক্ষ মিসবাহর একাধিক বিয়ের তথ্য আদালতের সামনে তুলে ধরেছে।
আইনজীবীর দাবি, তারা মিসবাহর ১০টি বিয়ের তথ্য পেয়েছেন এবং কয়েকটি বিয়ের কাবিননামা ও অন্যান্য নথি তাদের কাছে রয়েছে। তবে প্রয়োজনীয় কাগজপত্র মিসবাহ নিজের কাছে রেখেছেন বলে বাদীপক্ষ অভিযোগ করেছে।
ইবরাহিম খলিল বলেন, ‘বাদীপক্ষের পাওয়া তথ্য অনুযায়ী, মিসবাহর স্ত্রীদের মধ্যে মরিয়ম, গাজীপুরের কাপাসিয়ার এক নারী, আসমা, তানিয়া, নায়মা জান্নাত, মেহের আফরিন, আদিবা, বুশরা, আয়েশা আক্তার ও সাবিকুন্নাহারের নাম রয়েছে।
আইনজীবীর দাবি, শুনানিতে মিসবাহ দুটি বিয়ের কথা স্বীকার করেছেন। অন্য বিয়েগুলোর প্রমাণ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাদীপক্ষ।
ইবরাহিম খলিল বলেন, ‘প্রয়োজনে আদালতের কাছে তদন্তের আবেদন করা হবে। নাম-ঠিকানা দিয়ে তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট নারী মিসবাহর স্ত্রী কি না, তা যাচাইয়ের আবেদন করা যেতে পারে।’
মামলার অভিযোগ অনুযায়ী, ফেসবুকে পরিচয়ের পর ২০২০ সালে হুমায়রা জান্নাতকে বিয়ে করেন মিসবাহ। পরে ২০ লাখ টাকা যৌতুক দাবি, নির্যাতন এবং একাধিক বিয়ের তথ্য গোপনের অভিযোগে তিনি আদালতে মামলা করেন। গত ২০ আগস্ট আদালত মামলাটি আমলে নিয়ে মিসবাহর বিরুদ্ধে সমন জারি করেন।
সময়ের আলো/এমকে