মেয়ের মমতার কাছে পরাজিত জনতার রোষ

রাহাদ সুমন বানারীপাড়া (বরিশাল)

সারাদেশ

একটি রুটি, এক কাপ চা আর বাবার প্রতি একটি নিষ্পাপ শিশুর ভালোবাসা দেশ-বিদেশের নেটিজেনদের হৃদয়কে নাড়া দিয়েছে। বাবার প্রতি মেয়ের

2026-09-29T03:33:53+00:00
2026-09-29T03:33:53+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মেয়ের মমতার কাছে পরাজিত জনতার রোষ
রাহাদ সুমন বানারীপাড়া (বরিশাল)
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৩ এএম 
ছবি : সংগৃহীত
একটি রুটি, এক কাপ চা আর বাবার প্রতি একটি নিষ্পাপ শিশুর ভালোবাসা দেশ-বিদেশের নেটিজেনদের হৃদয়কে নাড়া দিয়েছে। বাবার প্রতি মেয়ের ভালোবাসা আর মমতার কাছে পরাজিত হয়েছে জনতার হিংস্রতা, কঠোরতা। জয়ী হয়েছে একটি ছোট্ট নিষ্পাপ মেয়ের নিঃস্বার্থ ভালোবাসা। সেই সঙ্গে ভাগ্যও পরিবর্তন হতে শুরু করেছে একটি পরিবারের। ব্যাপক আলোচিত এ ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারের।

সর্বশেষ রোববার বিকালে সরেজমিন পরিদর্শনে এসে সেই আলোচিত শিশুকন্যা ও তার পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছেন উপজেলার মানবিক নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা। ভুক্তভোগী কর্মহীন শিক্ষিত যুবক অনিক শিকদার ভালোভাবে সুস্থ জীবনে ফিরে আসতে পারলে তাকে কর্মজীবী করে তোলার ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সেই শিশুকন্যার লেখাপড়ার দায়িত্বও নিয়েছেন তিনি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, অনিক শিকদার খারাপ অভ্যাস পরিবর্তন করে স্বাভাবিক জীবনে ফিরলে তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব এবং তার শিশুকন্যার লেখাপড়ার দায়িত্ব নেব। 

অনিক শিকদারের ভাষ্য অনুযায়ী, উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্থানীয় কতিপয় ব্যক্তি পূর্বশত্রুতার জেরে আমাকে চোর আখ্যা দিয়ে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে অমানুষিক নির্যাতন করেছে। 

বামরাইল বাজারে একটি খুঁটির সঙ্গে বেঁধে বাবাকে নির্যাতনের কথা শুনে পরিবারের সবার অজান্তেই সেখানে ছুটে গিয়েছিল অনিকের নিষ্পাপ মেয়ে। সে তার বাবার প্রতি যে পরম মমতা দেখিয়েছে তা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সেই শিশুটির কথা, ‘আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। সে কখনো চুরির সঙ্গে জড়িত হতে পারে না।’

তবে অনিক তার কিছু বন্ধুর প্ররোচনায় আগে মাদকাসক্ত ছিলেন জানিয়ে তার স্ত্রী বলেন, সে (অনিক) কোনো দিন চুরির সঙ্গে জড়িত ছিল না। পূর্বশত্রুতার জেরে কতিপয় ব্যক্তি তাকে (অনিক) জোরপূর্বক বেঁধে রেখে মারধর করে চোর বানাতে চেয়েছিল। 

বামরাইলের প্রবাসফেরত ওমর খসরু তুহিন বলেন, পারিবারিকভাবে তারা ভালো, সম্মানিত পরিবারের ছেলে। কিন্তু নেশার ভয়াল থাবা ধ্বংস করে দিয়েছে তার পুরো পরিবার ও বংশের মানসম্মান। অনিক যথেষ্ট শিক্ষিত ও মার্জিত ছেলে। 
এদিকে সেই কন্যার খোঁজে ছুটে গিয়েছিল উই আর বাংলাদেশের (ওয়াব) টিম। তাদের সহযোগিতা করে উজিরপুর থানা পুলিশ। প্রতিষ্ঠাতা ও সিইও এসএম আকবর তার ফেসবুক আইডিতে লেখেন, মূলত অনিক শিকদার চোর না। অনিক শিকদারের বাবা একজন সম্ভ্রান্ত পরিবারের মানুষ ছিলেন। তিনি অসুস্থ হওয়ার পর তার চিকিৎসা করাতে গিয়ে সবকিছু হারিয়েছে পরিবার। মাঝে নেশাগ্রস্ত হয়ে পড়েছিল অনিক। সেই সুযোগটা নিয়েছে স্থানীয় মাদক সিন্ডিকেটের দল। 


ভিডিওটি দেখে নিজেকে স্থির রাখতে পারিনি। তথ্য যাচাই করার জন্য ওয়াব বরিশাল টিমকে অবহিত করি। ওয়াব-এর স্বেচ্ছাসেবকরা ছুটে গিয়েছিলেন সেই বাচ্চাটির কাছে। খুবই মিষ্টি একটা মেয়ে। ও চাচ্ছে আমরা যেন ওর বাবাকে একটি কর্মসংস্থান করে দেই। অনিক শিকদার ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে ভালো ও আলোর পথে ফিরে আসতে চান। তাকে আলোর পথে ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছি আমরা। বিষয়টি নিয়ে উজিরপুর থানা পুলিশের সঙ্গে কথা বলেছি। উজিরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) ফারুক হোসেনের সঙ্গেও কথা হয়েছে। তিনিও আমাদের সঙ্গে সম্মতি জানিয়েছেন এবং সার্বিকভাবে দেখাশোনা করবে বলে জানিয়েছেন। যেহেতু গ্রামাঞ্চল তাই অনিক শিকদার একটি অটোভ্যান চেয়েছেন। 

আমরা তাকে একটি অটোভ্যান কিনে দেব। মেয়েটির লেখাপড়ার দায়িত্বও আমরা নিতে চাই।
অপরদিকে দেশ-বিদেশের অসংখ্য নেটিজেন অনিকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে তার কর্মহীন জীবনের কথা শুনে তাকে সহায়তার মাধ্যমে কর্মজীবী করার আশ্বাস দিয়েছেন।

প্রসঙ্গত ছিচকে চুরির অপবাদ দিয়ে শুক্রবার রাতে বামরাইল বাজারে একটি খুঁটির সঙ্গে অনিক শিকদারকে বেঁধে অমানুষিক নির্যাতন করে স্থানীয় কয়েক ব্যক্তি। শনিবার ভোরে এ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অনিকের নিষ্পাপ রাজকন্যা। এরপর সারা রাত অনাহারে কাটানো অনিকের জন্য বাজারের একটি দোকান থেকে রুটি ও এক কাপ চা এনে ওই রাজকন্যা বেঁধে রাখা বাবার মুখে খাবার তুলে দেয়। স্থানীয় এক যুবক এই অসাধারণ দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তের মধ্যে তা ব্যাপক ভাইরাল হয়।

সময়ের আলো/প্রিন্ট/টিকে
  বিষয়:   মেয়ের মমতার কাছে  পরাজিত জনতার রোষ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: