বন্ধ হওয়ার পথে থাকা মুম্বাইয়ের ছোট একটি ছোলে ভাটুরের রেস্তোরাঁ এখন প্রতিদিন বিক্রি করছে ৩ হাজারের বেশি প্লেট। মাসিক বিক্রি পৌঁছেছে প্রায় ২ কোটি রুপিতে। আর এই অবিশ্বাস্য পরিবর্তনের পেছনে রয়েছে অভিনেত্রী আনুশকা শর্মার একটি ইনস্টাগ্রাম পোস্ট।
‘দিল্লি সে’ নামে রেস্তোরাঁটি ২০২১ সালের অক্টোবরে মুম্বাইয়ের চেম্বুরে দুই ভাই জাসপাল সিং খালসা ও মহিন্দর সিং খালসা চালু করেন। মাত্র ২৫০ বর্গফুট জায়গায় তিনটি টেবিল ও নয়টি আসন নিয়ে শুরু হয়েছিল ব্যবসা। কিন্তু ২০২২ সালের সেপ্টেম্বরে প্রায় ১৮ লাখ রুপি ঋণের কারণে দোকান বন্ধের সিদ্ধান্ত নিচ্ছিলেন তারা।
ঠিক সেই সময় রেস্তোরাঁটির খাবার খান স্ট্যান্ড-আপ কমেডিয়ান অভিষেক উপমন্যু। পরে ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি ‘দিল্লি সে’র ছোলে ভাটুরের সুপারিশ করেন। সেই পোস্টের সূত্র ধরেই বিরাট কোহলির জন্য মুম্বাইয়ে দিল্লির স্বাদের ছোলে ভাটুরে খুঁজে পান আনুশকা।
২০২২ সালের ৫ অক্টোবর বিরাটের বাড়িতে দুই প্লেট খাবার পৌঁছে দেয় ‘দিল্লি সে’। এরপর আনুশকার ইনস্টাগ্রাম পোস্টে রেস্তোরাঁটির প্রশংসা প্রকাশ্যে আসে।
আনুশকার পোস্টের মাত্র আধা ঘণ্টার মধ্যেই রেস্তোরাঁয় ক্রেতাদের ভিড় জমে যায় বলে জানান জাসপাল। একসঙ্গে ছয় থেকে ১০ প্লেটের অর্ডার আসতে থাকে। পরিস্থিতি সামলাতে আশপাশের বাসিন্দাদের কাছ থেকেও উপকরণ সংগ্রহ করতে হয়। কেউ কেউ খাবারের জন্য দুই ঘণ্টার বেশি অপেক্ষাও করেন।
এরপর চেম্বুরের ছোট দোকানটি মুলুন্ড, আন্ধেরি ওয়েস্ট ও ভাশি মিলিয়ে চারটি আউটলেটে বিস্তৃত হয়। মালিকদের দাবি, বর্তমানে প্রতিদিন ৩ হাজারের বেশি প্লেট বিক্রি হয়। একসময় মাসে ১ থেকে দেড় লাখ রুপি বিক্রি করা রেস্তোরাঁটির মাসিক বিক্রি এখন প্রায় ২ কোটি রুপি।
সময়ের আলো/এমকে