বাড়ি দখলের চেষ্টাকে কেন্দ্র করে ভাঙচুর ও চাঁদাবাজি মামলার আসামিদের গ্রেফতারে রাজধানীর আদাবরে পুলিশের অভিযানে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের দাবি, অভিযানকালে আসামিরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করলে আত্মরক্ষার্থে দুই রাউন্ড গুলি ছোড়া হয়।
এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে আদাবর থানা-পুলিশ। গ্রেফতার চারজন হলেন রাজিব হাওলাদার (৩০), সাগর ওরফে ছোট বিগার (২৪), শাকিব (২৩) এবং রাশেদ (২৪)। এদের মধ্যে রাজিব ও সাগরের পায়ে গুলি লাগে। আহত দুজনকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে আদাবর থানাধীন নবোদয় হাউজিং কাঁচাবাজার সংলগ্ন মেলার মাঠের পেছনের খালপাড় এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর আদাবর থানায় দায়ের করা একটি মামলার আসামিদের ধরতে ওই এলাকায় অভিযান চালানো হচ্ছিল। ওই মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৮, ১৪৯, ৪৪৭, ৩৮৫, ৪২৭, ৫০৬ ও ১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, মঙ্গলবার রাত ২টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মামলার কয়েকজন আসামি নবোদয় হাউজিং কাঁচাবাজারের পেছনের খালপাড় এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে ৭-৮ জনকে দেখতে পায় পুলিশ।
এ সময় তাদের গ্রেফতারের চেষ্টা করলে আসামিরা ধারালো চাপাতি নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা চালায়। এ সময় আত্মরক্ষার্থে দুই রাউন্ড গুলি ছোড়া হলে দুজন আহত হন। পরে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করা সম্ভব হলেও বাকিরা পালিয়ে যায়। অভিযানকালে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে স্টিলের ধারালো চাপাতি, সামুরাই ও কিরিস উদ্ধার করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেফতার সাগর ওরফে ছোটো বিগারের বিরুদ্ধে আদাবর ও মোহাম্মদপুর থানায় মোট আটটি মামলা রয়েছে। রাজিব হাওলাদার মোহাম্মদপুরের আলোচিত বাবু হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি। এ ছাড়া গ্রেফতার শাকিব ও রাশেদের বিরুদ্ধেও পাঁচটি করে মামলা রয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পর ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সময়ের আলো/আতা