কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ১ লাখ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১টা ১০ মিনিটের দিকে উপজেলার পালংখালী সীমান্তের আনজুমানপাড়ার ফাইস্যাখাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উখিয়া থানার নলবনিয়া বুছারগুনা গ্রামের নুরুল আলমের ছেলে ভুট্টো (৩৮) ও আবদুল করিমের ছেলে আমির হামজা (২৬)।
৬৪ বিজিবির উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী আনজুমানপাড়ার ফাইস্যাখাল এলাকায় অভিযান চালায়। এ সময় মিয়ানমারের দিক থেকে দুজনকে পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহল দলের সদস্যদের সন্দেহ হয়। তাদের থামার সংকেত দিলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
তাদের সঙ্গে থাকা পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিজিবি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন ইয়াবাগুলো মিয়ানমার সীমান্ত থেকে সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও এ কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
সময়ের আলো/এসএকে