প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনীর ফুলগাজী ও পরশুরাম সফর ঘিরে স্থানীয়দের কিছু প্রত্যাশা রয়েছে। এরমধ্যে ফেনীতে মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ঢাকা চট্রগ্রাম মহাসড়কের লালপুলে আন্ডারপাস নির্মাণ, নদী খনন এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের দাবি দীর্ঘদিনের।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর উপলক্ষে ‘মুহুরি-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও পানি নিষ্কাশন’ প্রকল্পের উদ্বোধনস্থল এবং জনসভাস্থল পরিদর্শন শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে, সরকার গঠন হওয়ার সাত মাসের মাথায় প্রধানমন্ত্রী ফেনী আসছেন। ফেনীর সঙ্গে তার একটা সম্পর্ক রয়েছে। অতএব আমাদের যে দাবি-দাওয়া ও প্রত্যাশা রয়েছে, সেসব তিনি পূরণ করবেন। আমরা আশা করি, প্রধানমন্ত্রীর আগমনের মধ্য দিয়ে ফেনীবাসীর যে সমস্যাগুলো রয়েছে, সেসবের সমাধান হবে।
ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু বলেন, প্রধানমন্ত্রী দীর্ঘদিনের প্রত্যাশিত নদী খনন ও বাঁধ নির্মাণ প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি ফুলগাজীতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ জনগণের কল্যাণে নেওয়া বিভিন্ন কার্যক্রমের উদ্বোধন করবেন।
নদীপারের মানুষের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এ সফর শুধু একটি প্রকল্পের উদ্বোধনে সীমাবদ্ধ থাকবে না। মুহুরি, কহুয়া ও সিলোনিয়া নদীর তীরবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, নদীভাঙন ও পানি নিষ্কাশনের দীর্ঘমেয়াদি সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। বছরের পর বছর বন্যা ও নদীভাঙনের সঙ্গে লড়াই করা মানুষের দুর্ভোগ এবার স্থায়ীভাবে কমবে— এমন আশাতেই প্রধানমন্ত্রীর সফরের দিকে তাকিয়ে তারা।
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, মুহুরি-কহুয়া নদীর বাঁধ নির্মাণের পাশাপাশি সীমান্তের ওপার থেকে আসা পানির প্রবাহ নিয়ন্ত্রণ, নদী খনন ও পানি নিষ্কাশন ব্যবস্থা আরও কার্যকর করা প্রয়োজন। লালপুলে আন্ডারপাস ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিও দীর্ঘদিনের।
সময়ের আলো/জোই