কিশোরগঞ্জের ভৈরবে অবৈধভাবে পাচারের সময় মাটি বোঝাই একটি জাহাজ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জাহাজটির প্রতিনিধি মো. শামীম মিয়াকে জরিমানা করা হয় ১ লাখ টাকা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ভৈরব বাজার জেটিঘাটে অভিযান চালিয়ে এমবি শাহ ফতুল্লাহকে জরিমানা ও ওই জাহাজটি জব্দ করা হয়। এসময় ফসলি জমি থেকে ২০ হাজার ঘনফুট মাটি কেটে ওই জাহাজে করে ঢাকায় পাচার করা হচ্ছিল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া ও খলাপাড়া হাওরের ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে জাহাজে করে ঢাকায় পাচারের জন্য নেওয়া হচ্ছিল। এমন খবর পেয়ে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একটি দল ভৈরব বাজার জেটিঘাটে অভিযান চালায়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম আজিমুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাটিভর্তি জাহাজটি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জাহাজটির প্রতিনিধি মো. শামীম মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
জব্দ করা মাটি পরবর্তী সময়ে নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। অভিযানে বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর মো. জসিম উদ্দিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
সময়ের আলো/এনএন