গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো—দশলাল গ্রামের ফরহাদ আলীর তিন বছর বয়সী মেয়ে মিম আক্তার এবং টাঙ্গাইলের দেলদুয়ার থেকে মামার বাড়িতে বেড়াতে আসা কবির মণ্ডলের মেয়ে আফরিন আক্তার।
স্থানীয়রা জানান, মিম ও তার ফুফাতো বোন আফরিন বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।
পরে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. জহুরুল হক পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সময়ের আলো/এসএকে