চাঁদপুরের কচুয়া উপজেলার ডুমুরিয়া গ্রামের জাহাজী বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন পরিবারের নয়টি বসতঘর পুড়ে ছাই হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মধ্যরাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার তিনটির সদস্যরা হলেন—ওই বাড়ির মকবুল হোসেন, কামাল হোসেন ও নুরে আলম। আগুনে বসতঘরসহ ঘরে থাকা আসবাবপত্র, প্রয়োজনীয় সামগ্রী, স্বর্ণালংকার ও নগদ টাকা পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে হঠাৎ একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নয়টি বসতঘর ও ঘরের সব মালামাল পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম ও ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পাশে থাকার পাশাপাশি প্রয়োজনীয় আর্থিক সহায়তার আশ্বাস দেন।
সময়ের আলো/এসএকে