বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পরই নতুন চ্যালেঞ্জের মুখে পড়লেন ডেভিড হেম্প। ভ্রমণ জটিলতার কারণে আপাতত বাংলাদেশে আসছেন না তিনি। আগামী ৩ অক্টোবর অস্ট্রেলিয়ায় গিয়ে সরাসরি দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
সর্বশেষ এশিয়া কাপ ও এশিয়ান গেমসে বাংলাদেশ নারী দলের ব্যাটিং ব্যর্থতার পর কোচিং স্টাফে পরিবর্তন আনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রধান কোচ সারোয়ার ইমরানকে সরিয়ে দুই বছরের চুক্তিতে নারী দলের দায়িত্ব দেওয়া হয় হেম্পকে।
বৃহস্পতিবার ঢাকায় পৌঁছানোর কথা ছিল হেম্পের। তিনি থাইল্যান্ড পর্যন্তও এসেছিলেন। তবে ভ্রমণসংক্রান্ত জটিলতার কারণে সেখান থেকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে বিসিবির একটি সূত্র জানিয়েছে।
ফলে বাংলাদেশ নারী দলের নতুন কোচকে দেশে এসে কাজ শুরু করার সুযোগ হচ্ছে না। সরাসরি অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
অস্ট্রেলিয়া সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। ব্যাটিং নিয়ে দলের দুর্বলতা কাটানোর লক্ষ্যেই নতুন কোচের অধীনে কাজ শুরু করার কথা ছিল। তবে হেম্পকে শুরু থেকেই না পাওয়ায় অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতিতে পরিবর্তিত পরিস্থিতির মধ্যেই এগোতে হচ্ছে বাংলাদেশকে।
বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে অবশ্য হেম্পের পরিচয় নতুন নয়। বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) কার্যক্রম, জাতীয় দল ও নারী দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এবার দুই বছরের চুক্তিতে নারী দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি।
সময়ের আলো/টিকে