স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে প্রয়োজনে প্রতিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে বিদ্যুৎ সংকট মোকাবিলায় ছাদে সোলার স্থাপনের উদ্যোগ এবং সারা দেশে বৈষম্যহীন ও সুষম উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এর আগে, সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
মীর শাহে আলম জানান, আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে সব ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে সরকার কাজ শুরু করেছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনে প্রতিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে।’
প্রার্থিতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারি কোনো লাভজনক পদে থেকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তবে এমপিওভুক্ত স্কুলের শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।’
বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের নতুন উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, ছাদে সোলার স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ছাদ সোলার থেকে উৎপাদিত বিদ্যুৎ সংশ্লিষ্টদের নিজস্ব চাহিদা মেটানোর পর জাতীয় গ্রিডে দেওয়া হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে ৩৭০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটকে ‘উত্তরাধিকার সূত্রে পাওয়া’ সংকট হিসেবে উল্লেখ করে তিনি দাবি করেন, পতিত সরকারের রেখে যাওয়া এই সংকটের জন্য সংসদে জনগণের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এ সংকট কাটাতে নানামুখী বাস্তবসম্মত পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়নে ‘নজিরবিহীন বৈষম্য’ করা হয়েছে এবং গাইবান্ধার মতো অবহেলিত ও উন্নয়নবঞ্চিত জনপদ এর শিকার হয়েছে। তবে বর্তমান সরকারের সময়ে কোনো জেলা বৈষম্যের শিকার হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সারা দেশে সুষম উন্নয়ন নিশ্চিত করতে বদ্ধপরিকর। সুষম বণ্টনের ভিত্তিতে গোটা দেশের উন্নয়ন করা হবে।’
বিগত সরকারের সময়ের বিভিন্ন উন্নয়নকাজ এখন ধ্বংসপ্রায় বলে মন্তব্য করেন মীর শাহে আলম। তিনি বলেন, ‘অধিকাংশ রাস্তা ভাঙাচোরা হয়ে পড়ায় সাধারণ মানুষকে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অবকাঠামো উন্নয়ন ও জনদুর্ভোগ কমাতে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করতে হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকারের পাশাপাশি জনপ্রতিনিধি ও প্রশাসনকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
বিগত সংসদ নির্বাচনে জনগণ বিএনপিকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছে বলে দাবি করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশ যতবার পথ হারিয়েছে, বিএনপিই পথ দেখিয়েছে।’ অর্থনৈতিকভাবে ভঙ্গুর একটি দেশের দায়িত্ব নিয়ে কিছুদিন আগে আবারও বিএনপি রাষ্ট্র পরিচালনায় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে প্রতিমন্ত্রী গাইবান্ধা জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আলাদা মতবিনিময় সভা করেন। সেখানে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক, সহসভাপতি অধ্যাপক ডা. জিয়াউল হাসান জিয়া এবং সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
এরপর জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভায় যোগ দেন প্রতিমন্ত্রী।
সময়ের আলো/মহু