বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ স্ত্রী অন্তরা খাতুনের (১৯) সন্ধান না পেয়ে স্বামী রেজাউল ইসলাম আদমদীঘি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গত ১৫ সেপ্টেম্বর বিকেলে বাসা থেকে বের হবার পর ১৬ দিনেও স্ত্রীর সন্ধান না পাওয়ায় স্বামী রেজাউল ইসলামসহ পরিবারের লোকজন দুঃচিন্তায় পড়েছে। গৃহবধূ অন্তরা কি কোন প্রমিকের হাত ধরে পালিয়ে গেছে, নাকি তাকে কেউ অপহরণ করে নিয়ে গেছে এ নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন চলছে।
আদমদীঘি থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার সান্তাহার রথবাড়ী মহল্লার মৃত আব্দুল হালিমের ছেলে রেজাউল ইসলামের সাথে একই মহল্লার আনারুল ইসলামের মেয়ে অন্তরার বিয়ে হয় বেশকিছু দিন আগে। বিয়ের পর দুজনের সংসার ভালোই চলছিল। সংসার জীবনের এক পর্যায়ে হঠাৎ অন্তরা ১৫ সেপ্টেম্বর বিকেলে তার স্বামীর বাসা থেকে বের হয়। এরপর থেকে আর সে বাসায় আসেনি। পরিবার, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন এলাকায় অনেক খোঁজাখুজি করে না পেয়ে রেজাউল ২১ সেপ্টেম্বর নিখোঁজ স্ত্রীর সন্ধান চেয়ে আদমদীঘি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আদমদীঘি থানার ডায়েরি নং-১০৭৬। এদিকে নিখোঁজ অন্তরার সন্ধান ১৬ দিনেও না পাওয়ায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে দিন কাটাচ্ছেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানায়, এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। নিখোঁজ গৃহবধূ অন্তরার সন্ধানে পুলিশ মাঠে কাজ করছে।
সময়ের আলো/এনএন