গাইবান্ধার সাঘাটা উপজেলায় দিনের আলোয় প্রকাশ্যে রামদা ঠেকিয়ে মো. আনিছুর রহমান চৌধুরী নামে ব্যক্তির মোটরসাইকেল ও নগদ ৭৯ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর আইনি পদক্ষেপ নিলে ভুক্তভোগীকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকিও দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের যাদুরতাইড় গ্রামের চৌধুরীপাড়া গেট এলাকায় এ ঘটনা ঘটে।
আনিছুর রহমান যাদুরতাইড় এলাকার বাসিন্দা। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজনকে আসামি করে তিনি সাঘাটা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগসূত্রে জানা যায়, বুধবার সকালে সাঘাটা বাজার এলাকায় আনিছুর রহমান তার চাচাশ্বশুর মো. শাহ আলীর কাছ থেকে ধার হিসেবে ৭৯ হাজার টাকা নেন। এরপর নিজের মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন তিনি। বেলা ১১টার দিকে যাদুরতাইড় গ্রামের চৌধুরীপাড়া গেট এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। অভিযোগে বলা হয়, এ সময় তারা আনিছুরের গলায় ধারালো রামদা ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয় এবং তার কাছে থাকা নগদ ৭৯ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এরপর তাকে মারধর করে মোটরসাইকেল থেকে টেনেহিঁচড়ে নামিয়ে দেওয়া হয়। পরে মোটরসাইকেলটি নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, হামলাকারীদের হাতে লোহার রড, রামদা, চাপাতি ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র ছিল।
ভুক্তভোগী আনিছুর রহমান জানান, ছিনতাইয়ের পর দুর্বৃত্তরা তাকে শাসিয়ে যায়, এ ঘটনায় কোনো আইনি পদক্ষেপ নিলে তাকে হত্যা করে লাশ গুম করে ফেলা হবে। এ হুমকির মুখে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগে আছেন বলে জানা গেছে।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, ‘হামলা ও ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ইতোমধ্যে বিষয়টি তদন্ত শুরু করেছে।’
তিনি আরও বলেন, ‘ঘটনার সত্যতা নিশ্চিত হলে এবং অভিযুক্তদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
সময়ের আলো/মহু