কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করতে গিয়ে ভারতে ঘটেছে বেশ অদ্ভুত এক ঘটনা। মোটরসাইকেলের চালকের পিঠে ঝোলানো গিটারকে পেছনের যাত্রী হিসেবে শনাক্ত করেছে একটি এআই ট্রাফিক ক্যামেরা। এরপর ওই ‘যাত্রী’ হেলমেট না পরায় স্কুটির মালিকের নামে ৫০০ রুপির জরিমানার ই-চালান পাঠানো হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বেঙ্গালুরুর হেব্বাল এলাকার বাসিন্দা সৌভিক দত্ত গত ১৫ সেপ্টেম্বর স্কুটিতে করে যাওয়ার সময় পিঠে একটি গিটার ঝুলিয়ে রেখেছিলেন। ওই সময় রাস্তার একটি এআই ক্যামেরা গিটারটিকে দ্বিতীয় আরোহী হিসেবে শনাক্ত করে। পরে পেছনের আরোহীর মাথায় হেলমেট না থাকার অভিযোগে স্কুটির বিরুদ্ধে জরিমানার চালান তৈরি করা হয়।
পরদিন সৌভিকের স্ত্রীর মোবাইলে ৫০০ রুপির ট্রাফিক জরিমানার বার্তা পৌঁছালে বিষয়টি নিয়ে বিস্মিত হন তিনি।
ঘটনার প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাফিক পুলিশকে ট্যাগ করে সৌভিক লিখেছেন, তিনি একাই স্কুটিতে যাচ্ছিলেন এবং পিঠে ছিল শুধু একটি গিটার। অথচ এআই ক্যামেরা সেটিকে পেছনের যাত্রী ভেবে হেলমেট না পরার অভিযোগে চালান করেছে। পোস্টের সঙ্গে তিনি জরিমানার চালানের ছবিও যুক্ত করেন।
পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরেই এআইনির্ভর ট্রাফিক নজরদারি ব্যবস্থার নির্ভুলতা নিয়ে প্রশ্ন ও আলোচনা শুরু হয়।
বিষয়টি নজরে আসার পর বেঙ্গালুরু ট্রাফিক পুলিশ সৌভিকের সঙ্গে যোগাযোগ করে। একই সঙ্গে ঘটনাটি যাচাই করে ভুলভাবে তৈরি হওয়া চালানটি পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে।
সময়ের আলো/ইউএমএইচ