কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়ে গোলাম মোস্তফা টেংগর (৬০) নামে বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শনিবার উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ুইকুড়ি মরারপাড়া গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭জন। আহতদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত গোলাম মোস্তফা টেংগর ওই গ্রামের মৃত দয়োমের ছেলে। আহতরা হলেন—সুমন মিয়া (৫০), হাদু মণ্ডল (৭০), রাশিদুল (৩৫), ফটিক (৫৫), বজলু (৫৫), আযাদ মণ্ডল (৬০) ও রাজু মণ্ডল (৩০)।
স্থানীয়দের ভাষ্য, মরারপাড়া এলাকায় দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার একটি বিষয়কে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলে তা মীমাংসার জন্য সালিশ বসে। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
স্থানীয় সূত্রের দাবি, মাদকদ্রব্য ও পাতার বিড়ি বিক্রির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। সংঘর্ষে গোলাম মোস্তফা টেংগরসহ কয়েকজন আহত হন।
এদিকে সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।
দৌলতপুর থানার ওসি জানান, পূর্ববিরোধের জের ধরে সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। সংঘর্ষের প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।
সময়ের আলো/এনএন