রাজধানীর বাংলামোটরে এক ব্যক্তিকে আঘাত করে রক্তাক্ত করা এবং পরে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগে হাতিরঝিল থানা যুবদলের সাবেক আহ্বায়ক (বহিষ্কৃত) ফেরদৌস আহাম্মেদ সাইমনসহ চারজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে হাতিরঝিল থানার বাংলামোটর মোড়ের উত্তর পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে। এতে সোহাগ (৪৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, রাত আটটা ১০ মিনিটের দিকে সাইমনের সঙ্গে সোহাগের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সোহাগের মাথায় আঘাত করা হলে তিনি রক্তাক্ত আহত হন। এরপর সাইমন সেখানে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।
এ বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, ঘটনার পর স্থানীয়রা সাইমনসহ চারজনকে অবরুদ্ধ করে রাখেন। পরে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।
ঘটনার পর স্থানীয় লোকজন সাইমনের ব্যবহৃত একটি মোটরসাইকেল আটক করে ভাঙচুর ও তাতে আগুন ধরিয়ে দেন।
আহত সোহাগের অভিযোগ, সাইমন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, মারামারি ও মাদকব্যবসার সঙ্গে জড়িত। এসব কর্মকাণ্ডের অভিযোগেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পূর্ব কোনো শত্রুতার কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। তার মাথায় অস্ত্র দিয়ে আঘাত করা এবং গুলি করার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং তার ফ্ল্যাটে তল্লাশি চালিয়েও কোনো অস্ত্র পাওয়া যায়নি। তাকে জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি পরিষ্কার হবে।
এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ।
সময়ের আলো/আতা