লিওনেল মেসির মালিকানায় যুক্ত হলো আরেকটি স্প্যানিশ ক্লাব। স্পেনের দ্বিতীয় বিভাগের দল ক্লাব দেপোর্তিভো এলদেনসে আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণ করেছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা।
গত মাসেই এলদেনসের মালিকানা নেওয়ার বিষয়ে মেসির প্রাথমিক চুক্তির খবর প্রকাশ্যে আসে। বৃহস্পতিবার ক্লাবটি এক বিবৃতিতে অধিগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা নিশ্চিত করেছে।
ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, মেসির মালিকানায় এলদেনসের শত বছরের বেশি পুরোনো ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো। দীর্ঘমেয়াদি এই প্রকল্পের মাধ্যমে ক্লাবটির ক্রীড়াগত, প্রাতিষ্ঠানিক ও সামাজিক উন্নয়ন এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে বলেও জানানো হয়েছে।
বর্তমানে এলদেনসে কলম্বিয়ান বিনিয়োগকারী গ্রুপো টিএইচ-এর মালিকানা রয়েছে। কলম্বিয়া ও সুইজারল্যান্ডের আরও কয়েকটি ক্লাবের মালিকানাও এই গ্রুপের হাতে। তবে মেসির মালিকানা চূড়ান্তভাবে কার্যকর হতে স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদন এখনো প্রয়োজন।
এলদেনসে স্পেনে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব। এর আগে চলতি বছরের শুরুতে বার্সেলোনা শহরের পঞ্চম বিভাগের ক্লাব কর্নেয়ার সংখ্যাগরিষ্ঠ মালিকানা কিনেছিলেন তিনি। কর্নেয়া এখনো আধা-পেশাদার পর্যায়ের দল।
দুটি ক্লাবের মধ্যে বর্তমানে তিন বিভাগের ব্যবধান থাকায় একই প্রতিযোগিতায় পড়ার সম্ভাবনা তাৎক্ষণিকভাবে নেই। তবে স্প্যানিশ ফুটবলের নিয়ম অনুযায়ী একই সংখ্যাগরিষ্ঠ মালিকের দুটি ক্লাব একই বিভাগে খেলতে পারে না। ফলে ভবিষ্যতে দুই ক্লাব একই স্তরে উঠে এলে মালিকানা কাঠামো নিয়ে সিদ্ধান্ত নিতে হতে পারে মেসিকে।
১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেনসে স্পেনের শীর্ষ দুই বিভাগের বাইরে দীর্ঘ সময় কাটিয়েছে। ১৯৬৪ সালের পর প্রথমবার ২০২৩ সালে তারা দ্বিতীয় বিভাগে ওঠে। তবে ২০২৫ সালে অবনমন হয়ে বর্তমানে তৃতীয় বিভাগে খেলছে ক্লাবটি। এলদা শহরের ৫ হাজার ৭৭৬ আসনের নুয়েভো পেপিকো আমাত স্টেডিয়ামে নিজেদের ম্যাচ আয়োজন করে এলদেনসে।
সময়ের আলো/টিকে