সাপ্তাহিক ছুটির দিন সকালেই বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। আজ সকাল পৌনে ১১টা পর্যন্ত ফার্মগেট, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। এতে ছুটির দিনের সকালে নগরজীবনে কিছুটা ভিন্ন আবহ তৈরি হয়েছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা আকাশ থাকতে পারে। এ সময় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ০৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এ সময় রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তবে দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
ছুটির দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় সকালের বৃষ্টিতে বাইরে বের হওয়া মানুষের স্বাভাবিক চলাচলেও কিছুটা প্রভাব পড়েছে।
সময়ের আলো/এমকে