নিত্যদিনের যানজটে নাকাল কুড়িগ্রাম পৌরবাসী

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রাম পৌরসভার প্রধান সড়কে যত্রতত্র ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক ও ভ্যান পার্কিং এবং যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলে প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

2026-10-02T11:43:34+00:00
2026-10-02T11:43:34+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
সারাদেশ
নিত্যদিনের যানজটে নাকাল কুড়িগ্রাম পৌরবাসী
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ এএম 
কুড়িগ্রাম পৌরসভা যত্রতত্র ব্যাটারিচালিত অটোরিকশা। ছবি : সময়ের আলো
কুড়িগ্রাম পৌরসভার প্রধান সড়কে যত্রতত্র ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক ও ভ্যান পার্কিং এবং যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলে প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। শহরের ব্যস্ততম বিভিন্ন মোড়ে দীর্ঘ সময় যানজটে আটকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে।

বিশেষ করে দাদা মোড়, শাপলা চত্বর, কলেজ মোড় (দোয়েল চত্বর), জর্জ কোর্ট মোড়, বিজিবি মোড়, পৌর বাজার থেকে হাসপাতাল মোড় এবং হাসপাতাল থেকে ঘোষপাড়া এলাকায় প্রায়ই যানজট লেগে থাকে। ভ্যাপসা গরমের মধ্যে দীর্ঘ সময় সড়কে আটকে থাকায় দুর্ভোগ আরও বাড়ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

স্থানীয়দের অভিযোগ, প্রধান সড়কে ইজিবাইক, ভ্যান ও অটোরিকশা যত্রতত্র পার্কিং, চালকদের ইচ্ছেমতো ইউটার্ন নেওয়া এবং সড়কের ওপর যাত্রী ওঠানামার কারণে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এর সঙ্গে যানজটের মধ্যে মোটরসাইকেলের বেপরোয়া চলাচল পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

অনুসন্ধানে জানা গেছে, যানবাহন রাখার জন্য কুড়িগ্রাম পৌরসভায় নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা নেই। ফলে দাদা মোড়, শাপলা চত্বর, কলেজ মোড়, জর্জ কোর্ট মোড় ও পৌর বাজারসংলগ্ন প্রধান সড়কের বিভিন্ন স্থানে অটোরিকশা, ইজিবাইক, ভ্যান, মোটরসাইকেল ও পণ্যবাহী যানবাহন পার্ক করে রাখা হয়। এসব যানবাহন সড়কের বড় একটি অংশ দখল করে রাখায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

এ ছাড়া দূরপাল্লার বাস ও ট্রাকের মতো ভারী যানবাহন প্রধান সড়কে প্রবেশ করলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। অনেক সময় সড়কের দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সচেতন মহলের দাবি, সুনির্দিষ্ট ট্রাফিক ব্যবস্থাপনা ও নিয়মিত তদারকির অভাবে দীর্ঘদিন ধরে এ সমস্যা চলে আসছে। স্থানীয়দের ভাষ্য, প্রতিদিন বিভিন্ন পেশার হাজার হাজার মানুষ বিভিন্ন এলাকা থেকে প্রয়োজনীয় কাজে কুড়িগ্রাম শহরে আসেন। যানজট কখনো কখনো প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। যানচলাচল স্বাভাবিক হতে দীর্ঘ সময় লেগে যায়।

এতে জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। যানজটের কারণে গুরুত্বপূর্ণ সময়ে এসব সেবা আটকে গেলে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

জেলা মোটর মালিক সমিতির সভাপতি লুৎফর রহমান বকসী বলেন, জনসংখ্যা ও যানবাহনের সংখ্যা বাড়লেও সেই অনুপাতে সড়ক ব্যবস্থাপনা ও অবকাঠামোগত উন্নয়ন হয়নি। ফলে প্রতিদিন সড়কে চাপ বাড়ার সঙ্গে সঙ্গে জনদুর্ভোগও বাড়ছে।

এ বিষয়ে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, যানজট নিরসনে অচিরেই রাস্তার দুই পাশে দীর্ঘক্ষণ যাতে গাড়ি পার্ক করে রাখা না হয়, সে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে স্থানীয় রাজনৈতিক প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও চালকদের নিয়ে আলোচনা করে সমস্যার একটি স্থায়ী সমাধান খুঁজে বের করা হবে।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা দ্রুত নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা চালু, সড়কে যত্রতত্র যানবাহন দাঁড় করানো বন্ধ এবং নিয়মিত ট্রাফিক মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, কার্যকর উদ্যোগের মাধ্যমে কুড়িগ্রাম পৌরসভার দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধান হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   যানজট  নাকাল কুড়িগ্রাম  পৌরবাসী  সময়ের আলো  ব্যাটারিচালিত অটোরিকশা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: