পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে কড়া নিরাপত্তার মধ্যে কলকাতায় স্বাগত জানানো হয়েছে। শনিবার ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে বৃহস্পতিবার রাতে কলকাতায় পৌঁছেছে কার্লো আনচেলত্তির দল।
রাত পৌনে ৯টার দিকে বিমানবন্দরে নামে ব্রাজিলের দল। সবুজ ও হলুদ রঙে সাজানো দুটি বাসে করে ভিআইপি গেট দিয়ে দ্রুত বিমানবন্দর ছাড়ে তারা। দলকে ঘিরে নিরাপত্তা ছিল এতটাই কঠোর যে বিমানবন্দর কিংবা যাত্রাপথের পাশে দাঁড়িয়ে খেলোয়াড়দের দেখার সুযোগ পাননি দর্শকেরা।
প্রায় ৯০ সদস্যের দলকে নিয়ে দুটি বাস ও পাঁচটি ব্যক্তিগত গাড়ি মাত্র ১১ মিনিটের মধ্যে বিমানবন্দর এলাকা ছাড়ে। হোটেলে পৌঁছাতেও সময় লাগে মাত্র ৮ মিনিট। টিম হোটেলের আশপাশেও ছিল কড়া নিরাপত্তা।
তবে হোটেলের ভেতরে থাকা কয়েকজন সমর্থক খেলোয়াড়দের একনজর দেখার সুযোগ পান। ক্যাপ পরা ভিনিসিয়ুস জুনিয়রকে দেখে লবি থেকে ভেসে আসে ‘ভিনি, ভিনি’ স্লোগান। খেলোয়াড়দের বেশির ভাগের পরনে ছিল জলপাই সবুজ হুডি, শর্টস ও হলুদ ক্যাপ।
চোটের কারণে রাফিনিয়াকে ছাড়াই কলকাতায় এসেছে ব্রাজিল। শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে আনচেলত্তির সঙ্গে থাকবেন দলের একজন খেলোয়াড়। এরপর বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত যুবভারতী ক্রীড়াঙ্গনের মূল মাঠে অনুশীলন করবে ব্রাজিল। অনুশীলন শেষে সরাসরি হোটেলে ফিরে ম্যাচের প্রস্তুতি নেবে দল।
কলকাতায় পা রাখার আগে ব্রাজিল ফুটবল ফেডারেশন সামাজিক যোগাযোগমাধ্যমে শহরটির সঙ্গে নিজেদের পুরোনো সম্পর্কের কথাও স্মরণ করেছে। বিশেষ করে ১৯৭৭ সালে কিংবদন্তি পেলের কলকাতা সফরের কথা তুলে ধরেছে তারা।
১৯৭৭ সালের ২৪ সেপ্টেম্বর নিউইয়র্ক কসমসের হয়ে কলকাতায় এসেছিলেন পেলে। সেবার ঐতিহ্যবাহী মোহনবাগানের বিপক্ষে ইডেন গার্ডেন্সে খেলেছিলেন তিনি। ম্যাচটি ২-২ গোলে ড্র হয় এবং পেলে প্রায় ৩০ মিনিট মাঠে ছিলেন। তার সঙ্গে কসমসের দলে ছিলেন ১৯৭০ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান অধিনায়ক কার্লোস আলবের্তো তোরেস।
প্রায় পাঁচ দশক পর আবারও ব্রাজিলের জাতীয় দলের পা পড়ল কলকাতায়। পেলের সেই সফরের স্মৃতি সামনে রেখে ব্রাজিল জানিয়েছে, শহরটি আবারও তাদের ফুটবল ইতিহাসের অংশ হতে যাচ্ছে। এবার অবশ্য প্রতিপক্ষ ভারত, আর ম্যাচ ঘিরে ইতিমধ্যেই কলকাতায় তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা।
সময়ের আলো/টিকে