কিশোর অপরাধ ও কিশোর গ্যাং দমনে লক্ষ্মীপুরে তিন দিনের অভিযানে ৫৪৯ জনকে আটক করেছে পুলিশ। রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে সর্বশেষ বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে পাঁচটি থানায় অভিযান চালিয়ে ৯৯ জনকে আটক করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে আটক ৯৯ জনের মধ্যে সদর থানায় ২৯ জন, চন্দ্রগঞ্জে ৫ জন, রায়পুরে ২৪ জন, রামগঞ্জে ২২ জন, কমলনগরে ১০ জন এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে ৯ জন আটক হন। তাদের মধ্যে ৮৬ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অপর ১৩ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে অভিযানে ১৮৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১৫৯ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ২৫ জনকে বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ছাড়া রোববার রাতে অভিযানে ২৬৬ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ২১৫ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ৫১ জনকে বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, কিশোর গ্যাং ও অপরাধ দমনে লক্ষ্মীপুরের ছয়টি থানায় একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সন্তানদের বিষয়ে অভিভাবকদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
সময়ের আলো/জোই