ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভের ঘোষণার পর রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট ও যন্তর মন্তরসহ ১১টি মেট্রো স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে দিয়েছে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি)।
শুক্রবার (২ অক্টোবর) ডিএমআরসি জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব স্টেশনে যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার সুযোগ থাকবে না।
বন্ধ থাকা স্টেশনগুলোর মধ্যে রয়েছে জনপথ, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, রাজীব চক, সেবা তীর্থ, মন্ডি হাউস, লোক কল্যাণ মার্গ, আইএনএ, চাওরি বাজার, রামকৃষ্ণ আশ্রম মার্গ ও নয়াদিল্লি।
ভোটার তালিকার ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) নিয়ে আপত্তি এবং বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে আম আদমি পার্টি (আপ) ও কয়েকটি ছাত্রসংগঠন।
বিক্ষোভকে কেন্দ্র করে সম্ভাব্য জনসমাগম ও নিরাপত্তাজনিত পরিস্থিতি বিবেচনায় মেট্রো স্টেশনগুলোতে এই বিধিনিষেধ দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ করা হয়নি।
ডিএমআরসি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্দিষ্ট স্টেশনগুলোর প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ থাকবে।
সূত্র : দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে
সময়ের আলো/এমকে