ইন্দোনেশিয়ার বালিতে দুর্ঘটনার পর গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভরুচা। তার মেরুদণ্ডে চিড় ধরা পড়েছে। উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে মুম্বাইয়ে ফিরিয়ে নেওয়া হচ্ছে।
শুটিংয়ের কাজে বালিতে গিয়েছিলেন নুসরাত। কাজ শেষে সেখানে আরও কিছুদিন ছুটি কাটানোর পরিকল্পনা ছিল তার। এর মধ্যেই দুর্ঘটনার কবলে পড়েন অভিনেত্রী। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার পর শুরুতে তার আঘাতের মাত্রা স্পষ্ট ছিল না। পরে নুসরাতের জনসংযোগ টিম জানায়, তার মেরুদণ্ডে গুরুতর ফাটল বা চিড় ধরা পড়েছে। পরিস্থিতি বিবেচনায় স্থানীয় চিকিৎসকদের পরামর্শে তাকে মুম্বাইয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
মুম্বাইয়ে পৌঁছানোর পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা শুরু হবে। অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলেও জানা গেছে।
নুসরাতের দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অভিনেত্রীর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছে তার টিম। একই সঙ্গে এই কঠিন সময়ে তার ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করা হয়েছে।
নুসরাতের শারীরিক অবস্থার বিষয়ে পরবর্তী আপডেট যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে তার জনসংযোগ টিম।
সময়ের আলো/এমকে