কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সিরাজুল ইসলাম (৬০) নামে আমেরিকা প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার কোষাকান্দা গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
সিরাজুল ইসলাম ওই গ্রামের বজলুর রহমান ওরফে বজলু চেয়ারম্যানের বড় ভাই। তিনি প্রায় ৩৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। তাঁর স্ত্রী ও তিন সন্তানও যুক্তরাষ্ট্রের নাগরিক বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে সিরাজুল ইসলাম ঘুমাতে যান। শুক্রবার সকালে তাঁকে ঘরের জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনেরা। খবর পেয়ে পাকুন্দিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান মরদেহ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
সময়ের আলো/এনএন