কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হলেন মিথিলা। অভিনয়ের পাশাপাশি উন্নয়নকর্মী হিসেবে দীর্ঘদিন কাজ করা রাফিয়াত রশিদ মিথিলা এবার যুক্তরাষ্ট্রে গবেষণা ও শিক্ষকতার নতুন দায়িত্ব পেয়েছেন।
ব্র্যাকের সঙ্গে প্রায় দুই দশকের কর্মজীবন শেষে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ ‘অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট’ হিসেবে যোগ দিয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নতুন কর্মজীবনের খবর জানান মিথিলা।
গবেষক হিসেবে নিউইয়র্কভিত্তিক ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা ও মূল্যায়নের নেতৃত্ব দেবেন তিনি। প্রাথমিক শৈশবের বিকাশ, পারিবারিক সম্পৃক্ততা ও জনস্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে পরিচালিত হবে এই প্রকল্প। বিশেষ করে জন্ম থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পরিবারের জন্য সহায়ক পরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ নিশ্চিত করাই এর অন্যতম লক্ষ্য।
শুধু গবেষণায় নয়, শিক্ষকতাতেও যুক্ত হয়েছেন মিথিলা। নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে ‘অ্যাডজাঙ্কট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে ‘নন-প্রফিট ম্যানেজমেন্ট’ বিষয়ে পড়াবেন তিনি।
নতুন দায়িত্ব পেয়ে পুরোনো কর্মস্থল ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মিথিলা। তার দুই দশকের ব্র্যাক-অভিজ্ঞতার ১৫ বছর কেটেছে ব্র্যাক ইন্টারন্যাশনালে। আন্তর্জাতিক উন্নয়ন খাতে অর্জিত অভিজ্ঞতা নতুন কর্মক্ষেত্রে কাজে লাগানোর প্রত্যাশা তার।
গবেষণা ও শিক্ষকতার এই নতুন অধ্যায় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সবার কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন মিথিলা।
সময়ের আলো/এমকে