চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কয়েক কোটি টাকা মূল্যের জায়গা দখল করে ‘কুঁড়েঘর’ নামে একটি রেস্টুরেন্ট নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে উপজেলা পরিষদের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পূর্ব পাশে এ রেস্টুরেন্টটি নির্মাণ করা হচ্ছে।
অভিযোগ রয়েছে, প্রভাবশালী একটি মহল জায়গাটি দখল করে পুরোদমে স্থাপনা নির্মাণ করছে। ওই মহলটি প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা ভয়ে মুখ খুলছেন না।
খোঁজ নিয়ে জানা গেছে, লোহাগাড়া উপজেলা পরিষদের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পূর্ব পাশে সড়ক ও জনপথ বিভাগের প্রায় সাড়ে ৬ শতক জমির ওপর ‘কুঁড়েঘর’ রেস্টুরেন্টটি তৈরি হচ্ছে। লোহাগাড়া মৌজার ৬ শতক জমির বর্তমান বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা হতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় রাজনৈতিকভাবে প্রভাবশালী একটি গ্রুপ এ স্থাপনা তৈরি করছে বলে অভিযোগ রয়েছে। একই সিন্ডিকেটের অধীনে এর পেছনে ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের নিচে গড়ে উঠেছে একটি স্পোর্টস টার্ফ। টার্ফের সামনে সড়ক ও জনপথ বিভাগের প্রায় সাড়ে ৬ শতক জমি দখল করে পুরোদমে রেস্টুরেন্ট নির্মাণের কাজ চলছে।
নির্মাণাধীন রেস্টুরেন্টটির ওপর দিয়ে রয়েছে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার। ফলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এসব তারের নিচে কুঁড়েঘরের আদলে তিনটি গোলঘর ও একটি রান্নাঘর নির্মাণের কাজ চলছে।
চক্রটি প্রভাবশালী হওয়ায় স্থানীয় প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছেন বলে অভিযোগ স্থানীয়দের।
চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী শহীদুল আলম বলেন, সওজের জায়গায় স্থাপনা নির্মাণের ব্যাপারে খোঁজখবর নেওয়া হয়েছে। জায়গা জবরদখলকারীদের বিরুদ্ধে নোটিশ জারির প্রক্রিয়া চলছে। পরবর্তীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
সময়ের আলো/এনএন