বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) নতুন মৌসুমে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেল দেশের পুরোনো ও ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং। চাঁদপুর জেলা স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়াংমেনস ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে সাদাকালোরা। ম্যাচের ১৮ মিনিটেই আসে একমাত্র গোল। উজবেকিস্তানের মিডফিল্ডার ও মোহামেডানের অধিনায়ক মোজাফফরভের নেওয়া কর্নারে ফকিরেরপুলের রক্ষণ ভেদ করে হেডে বল জালে পাঠান জাহিদ শান্ত। এরপর আর গোল না হলেও জয় ধরে রাখতে বড় ভূমিকা রাখে মোহামেডানের রক্ষণ ও গোলরক্ষক আনিসুর রহমান জিকো।
ফকিরেরপুল বেশ কয়েকবার সমতা ফেরানোর সুযোগ তৈরি করেছিল। বিশেষ করে প্রথমার্ধে তাদের আক্রমণগুলো সামাল দিতে ব্যস্ত থাকতে হয়েছে মোহামেডানের রক্ষণকে। তবে নতুন ক্লাবে প্রথম ম্যাচ খেলতে নামা জিকো গোল পোস্টের নিচে দৃঢ়তা দেখিয়ে প্রতিপক্ষকে হতাশ করেন। তার কয়েকটি গুরুত্বপূর্ণ সেভেই এগিয়ে থাকা ধরে রাখে সাদাকালোরা।
অন্যদিকে ফকিরেরপুলের আক্রমণভাগেও সুযোগ এসেছিল। সোলাইমান সিল্লা ও সাইফ গোলের কাছাকাছি গেলেও শেষ মুহূর্তে ফিনিশিংয়ের ঘাটতিতে সমতায় ফেরা হয়নি তাদের। আগের ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে সিল্লার জোড়া গোলে জয় পাওয়া দলটি এবার মৌসুমের দ্বিতীয় ম্যাচেই পেল প্রথম হারের স্বাদ। মোহামেডানের জন্য জয়টি প্রতিশোধেরও। গত বছরের জানুয়ারিতে পেশাদার ফুটবলে প্রথমবারের মতো ফকিরেরপুলের কাছে হেরেছিল সাদাকালোরা। এবার সেই প্রতিপক্ষের বিপক্ষেই জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল তারা।
তবে ম্যাচের ফলের পাশাপাশি আলোচনায় এসেছে চাঁদপুর জেলা স্টেডিয়ামের মাঠ। বিভিন্ন জায়গায় ঘাস না থাকা, অসমান ও এবড়োখেবড়ো মাটিতে ফুটবলারদের খেলতে হয়েছে। পেশাদার লিগের ম্যাচ আয়োজনের জন্য মাঠটির এমন অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
দিনের অন্য ম্যাচে চট্টগ্রাম সিটি এফসিকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ। বিরতির দুই মিনিট আগে মানিক হোসেন এগিয়ে দেন দলকে। এটি পুলিশ এফসির হয়ে তার প্রথম গোল। তার একটু পরেই প্রথমার্ধের যোগ করা সময়ে জুনিয়র স্যাম গোল করে লিড দ্বিগুণ করে বিরতিতে যায় পুলিশ। শেষের দিকে উগান্ডার শাফিক কাগিমু গোল করলে ৩-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ পুলিশ। এদিকে দিনের আরেক ম্যাচে পিডব্লিউডির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন।
সময়ের আলো/প্রিন্ট/আতা