বরিশালে বাসের টিকিট কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে মাদারীপুরের কালকিনি ও বরিশালের গৌরনদী উপজেলার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে প্রায় ২০টি দোকান।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে কালকিনি উপজেলার ভূরঘাটা সেতু এলাকায় এ সংঘর্ষ চলে। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের বনগ্রামের সেলিম ঘরামীর ছেলে এমারত ঘরামী বরিশাল যাওয়ার জন্য ভূরঘাটা এলাকার একটি বাস কাউন্টারে টিকিট কাটতে যান। অসুস্থতার কথা জানিয়ে তিনি সামনের সিট চান। তবে কাউন্টারের সুপারভাইজার সিট দিতে রাজি না হওয়ায় কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কাউন্টারের কর্মচারী সবুজ ফকিরের সঙ্গে এমারতের বাগ্বিতণ্ডা হয়। পরে সবুজের চাচাতো ভাই আকাশ ফকির এসে এমারতকে মারধর করেন বলে অভিযোগ।
এ ঘটনার জেরে বৃহস্পতিবার (১ অক্টোবর) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এমারত ওই কাউন্টারে গেলে আবারও দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে।
এর ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় ভূরঘাটা সেতু এলাকায় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণ ঘটে। পরে মহাসড়কে টায়ার জ্বালিয়ে দিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সংঘর্ষে আল আমিন, জান্নাত সরদার, শরীফ ও আকাশসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আহতদের কারও অবস্থা গুরুতর কি না, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে কালকিনি ও গৌরনদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, টিকিট কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কয়েকটি দোকান ভাঙচুর হয়েছে এবং উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সময়ের আলো/কেএইচও