ময়মনসিংহের ত্রিশালে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এনামুল হক (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ। এ ঘটনার পর নিহতের ছোট ভাই মাজহারুল ইসলাম ও তার স্ত্রী পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম উজানপাড়া এলাকায় বাড়ির পাশের একটি জলপাই গাছ থেকে এনামুল হকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রায়েরগ্রাম উজানপাড়া এলাকার আব্দুল মালেকের বড় ছেলে এনামুল হকের সঙ্গে তার মেজ ভাই মাজহারুল ইসলামের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এ বিরোধের জেরে মাজহারুল ইসলাম তার বড় ভাই এনামুল হককে বিভিন্ন সময় হত্যার হুমকি দিয়ে আসছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে এনামুল হকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে শুক্রবার সকাল ৭টার দিকে বাড়ির পাশে জলপাই গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে এনামুল হকের ছোট ভাই মাজহারুল ইসলাম ও তার স্ত্রী পলাতক রয়েছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে এনামুল হকের মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
সময়ের আলো/জোই