গাজীপুর সিটি কর্পোরেশনের ডেগেরচালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টসে লাগা আগুন প্রায় সোয়া ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের কর্মীরা। এছাড়াও ভবনের তৃতীয় তলায় আটকে পড়ে অসুস্থ হয়ে পড়া ৭০ শ্রমিককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ডেগেরচালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টসের ৭ তলা ভবনের ৩ তলায় প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন কারখানার ৪ তলার ফ্লোরেও ছড়িয়ে পড়ে। ওই সময় কারখানার ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় কারখানার লোকজন।
খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন, রাজেন্দ্রপুর, টঙ্গী ও চান্দনা চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসসহ আশপাশের ৯টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। একপর্যায়ে প্রায় সোয়া ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ ঘটনায় কারখানার ছাদ ও সিঁড়িতে ৭০ জন শ্রমিক আটকে পড়ে কারখানা থেকে বের হতে পারেননি। পরে তারা কারখানার ছাদ ও সিঁড়িতে আশ্রয় নেয়। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের সেখান থেকে উদ্ধার করেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে, তাৎক্ষণিকভাবে তাও জানা যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। প্রায় সোয়া তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কারখানার ছাদ ও সিঁড়িতে আটকে থাকা ৭০জন শ্রমিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সময়ের আলো/কেএইচও