২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
শনিবার (৩ অক্টোবর) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দেশের ২২টি শীর্ষস্থানীয় কোম্পানির অংশগ্রহণে আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন-২০২৬’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, অর্থনৈতিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিষয়গুলোকে কৌশলগত কাঠামোয় গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিকে নতুন ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে শুধু প্রবৃদ্ধির পরিমাণ বাড়ালেই হবে না। উৎপাদন, বিনিয়োগ, কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলতে হবে। এ লক্ষ্যেই বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার ও জনগণের ম্যান্ডেটকে একটি সুনির্দিষ্ট পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামোতে রূপ দিচ্ছে।
তিনি আরও বলেন, এ কাঠামোর মাধ্যমে ‘সবার জন্য বাংলাদেশ’ বিনির্মাণের দার্শনিক ভিত্তির পাশাপাশি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা রয়েছে। অর্থনৈতিক সংকট থেকে উত্তরণ ও টেকসই সমৃদ্ধির যাত্রায় সরকার ‘৩আর’ কৌশল গ্রহণ করেছে। এর মূল উদ্দেশ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত করা। ভঙ্গুর অবস্থায় থাকা অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করে অর্থনীতিকে স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনাও এ কৌশলের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান।
এ ছাড়া ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস শহীদ মিয়াসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন বহুজাতিক কোম্পানির প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এনএন