দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রথম দেশ হিসেবে আর্জেন্টিনা বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দেওয়ার প্রকল্প চালুর ঘোষণা দিয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেশটির অর্থমন্ত্রী লুই কাপুতো এ তথ্য জানান ।
জানা গেছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) এর আবেদন প্রক্রিয়া চালু হবে। অফেরতযোগ্য ৩ লাখ ৫০ হাজার ডলার বা ৪ কোটি ৩০ লাখ ৩২ হাজার টাকা বিনিয়োগের মাধ্যমে কিংবা ৮ লাখ ডলার বা ৯ কোটি ৮৩ লাখ ৩৬ হাজার টাকার পাবলিক বন্ড কিনলে নাগরিকত্ব পেতে পারেন আগ্রহীরা।
আর্জেন্টিনার অর্থ মন্ত্রণালয় সূত্র জানা গেছে, অন্যান্য পদক্ষেপের পাশাপাশি দেশটির বিনিয়োগ পরিবেশ শক্তিশালী করার লক্ষ্যে এই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই কঠোর কৃচ্ছ্রসাধন কর্মসূচি এবং ‘রিজি’ নামক প্রণোদনা কর্মসূচির মাধ্যমে বিদেশি বিনিয়োগের সহায়তায় আর্জেন্টিনার সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনা ও ডলারের রিজার্ভ বৃদ্ধির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
দেশটির অর্থ মন্ত্রণালয় আরও জানায়, এই ঘোষণাটি আর্জেন্টিনার অর্থনীতির উন্মুক্তকরণ এবং আন্তর্জাতিক অঙ্গনে একীভূত হওয়ার চলমান প্রক্রিয়ার একটি অংশ। দেশটির কর্মকর্তারা আশা করছেন, আর্জেন্টিনার অর্থনীতিতে বহুল প্রয়োজনীয় অর্থের জোগান দেবে এই কর্মসূচি।
২০২৩ সালের ডিসেম্বরে মিলেই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণের সময় আর্জেন্টিনায় মাসিক মুদ্রাস্ফীতির হার ছিল ২৫ দশমিক ৫ শতাংশ, যা চলতি বছরের আগস্ট মাসে কমে ১ দশমিক ৭ শতাংশে নেমে আসে। এদিকে আগামী বছর যে সময় হাভিয়ের মিলেই পুনরায় প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন সে সময়েই সরকারকে ঋণ পরিশোধের ক্ষেত্রে বড় ধরনের চাপের মুখে পড়তে হতে পারে। মিলেই তার কঠোর আর্থিক সংকোচন নীতি বজায় রাখতে হিমশিম খান কি না সেদিকেও সতর্ক দৃষ্টি রাখছেন বিনিয়োগকারীরা।
এই কর্মসূচির আওতায়, আবেদনকারীর জীবনসঙ্গী এবং তাদের ১৮ থেকে ২৫ বছর বয়সী অবিবাহিত সন্তানরাও আর্জেন্টিনার সরকারি তহবিলে ১ লাখ ডলার বা ১ কোটি ২২ লাখ ৬২ হাজার টাকা জমা দিয়ে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারী ১৮ বছরের কম বয়সী হলে এই আবেদনের জন্য তাদের জমা দিতে হবে ২৫ হাজার ডলার বা ৩০ লাখ ৭৪ হাজার টাকা।
সূত্র : রয়টার্স
সময়ের আলো/কেএইচও