মাদকসেবী সাজিয়ে সাজা, ইউএনও’র বিরুদ্ধে লিখিত অভিযোগ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সাতকানিয়ায় আলাউদ্দিন নামে এক যুবককে মাদক সেবন করে মাতলামির অভিযোগে সাত দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করার

2026-10-03T21:58:38+00:00
2026-10-03T21:58:38+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
মাদকসেবী সাজিয়ে সাজা, ইউএনও’র বিরুদ্ধে লিখিত অভিযোগ
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৯:৫৮ পিএম 
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের সাতকানিয়ায় আলাউদ্দিন নামে এক যুবককে মাদক সেবন করে মাতলামির অভিযোগে সাত দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগে আলা উদ্দিন দাবি করেছেন, তাকে তল্লাশি করে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি। পরে পুলিশ সদস্যরা নিজেদের পকেট থেকে ইয়াবা ও গাঁজা বের করে তার কাছ থেকে উদ্ধার দেখিয়ে ইউএনওর কাছে উপস্থাপন করেন।

গত ১৬ সেপ্টেম্বর রাতের এ ঘটনার পর কারাভোগ শেষে আলাউদ্দিন ডোপ টেস্ট করিয়েছেন। তার দাবি, ওই পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। ডোপ টেস্টের প্রতিবেদনসহ জেলা প্রশাসকের কাছে দেওয়া অভিযোগে তিনি ইউএনও’র বিরুদ্ধে তদন্ত করে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন।

সম্প্রতি জেলা প্রশাসকের কাছে দেওয়া লিখিত অভিযোগে আলাউদ্দিন উল্লেখ করেন, গত ১৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে তিনি তার ভাই নাইম উদ্দিন ও প্রতিবেশী নাজিম উদ্দিনকে নিয়ে সাতকানিয়ার মৌলভীর দোকান এলাকার ‘আল মক্কা’ হোটেলে বসে নাস্তা করছিলেন। এ সময় ডিএসবি সাতকানিয়া জোনের কনস্টেবল মোজাম্মেল হোসেন তাকে তল্লাশি করবেন বলে জানান। তল্লাশির কারণ জানতে চাইলে কোনো সন্তোষজনক উত্তর দেওয়া হয়নি বলে অভিযোগে দাবি করা হয়েছে। ওই তল্লাশিতে কিছু পাওয়া যায়নি। পরে তাকে এএসআই মতিন ও এএসআই নুর উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়। তারাও তাকে তল্লাশি করেন এবং সেখানেও কিছু পাওয়া যায়নি বলে অভিযোগকারীর দাবি।

অভিযোগে আলাউদ্দিন দাবি করেন, তল্লাশির একপর্যায়ে মোজাম্মেল হোসেন তার নিজের পকেট থেকে দুটি ইয়াবার গুটি ও দুই পোটলা গাঁজা বের করে ‘পাওয়া গেছে’ বলে চিৎকার করেন। এ সময় তার ভাই নাইম উদ্দিনসহ উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শী প্রতিবাদ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, তারা পুলিশ সদস্যকে বলেন, ‘তুমি তোমার পকেট থেকে এগুলো বের করেছো, আমরা দেখেছি।’ এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে তার ভাই ও স্থানীয় লোকজনকে মারধর করা হয় বলেও অভিযোগ করেছেন আলাউদ্দিন। জনগণের বাধা সত্ত্বেও তাকে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া এবং শারীরিক নির্যাতন করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন।

অভিযোগকারী দাবি করেন, তাকে ইউএনওর কাছে উপস্থাপন করা হলে তিনি তার বক্তব্য শোনেননি এবং অভিযোগের বিষয়ে যাচাই-বাছাই না করেই সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বক্তব্যের ভিত্তিতে তাকে সাত দিনের কারাদণ্ড দেন। পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানাও আদায় করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আলাউদ্দিনের দাবি, তিনি ওই ঘটনায় কোনো মাদকদ্রব্যের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না এবং তাকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে।

কারাভোগ শেষে ঘটনার সত্যতা প্রমাণের উদ্দেশ্যে তিনি ডোপ টেস্ট করিয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন। তার সঙ্গে জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া নথির তালিকায় ডোপ টেস্টের প্রতিবেদনও রয়েছে।

অভিযোগকারী দাবি করেছেন, পরীক্ষার প্রতিবেদনে মাদক গ্রহণের কোনো উপস্থিতি পাওয়া যায়নি এবং রিপোর্টটি নেগেটিভ এসেছে।

লিখিত অভিযোগে আলাউদ্দিন বলেন, পুলিশ সদস্যদের কথিত কর্মকাণ্ডের কারণে তার ও তার পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এলাকায় তাকে নিয়ে নানা মন্তব্য করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।

তিনি আরও উল্লেখ করেন, তিনি একজন সাধারণ মানুষ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো সামর্থ্য তার নেই। বর্তমানে নিজের নিরাপত্তা নিয়েও তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।

এ বিষয়ে আলা উদ্দিন জানান, মাদক সেবনের অভিযোগে তাকে সাজা দেওয়া হলেও সাজার আগে তার ডোপ টেস্ট করা হয়নি এবং ভ্রাম্যমাণ আদালতের নথিতেও ডোপ টেস্টের কোনো প্রতিবেদন সংযুক্ত ছিল না। এ অবস্থায় পুলিশ সদস্যদের দেওয়া তথ্য ও উপস্থাপিত আলামতের ভিত্তিতে তাকে সাজা দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে বলে দাবি করেন তিনি

 অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আলাউদ্দিন। একই সঙ্গে ইউএনও রাজীব দাশ পুরকায়স্থের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার এখতিয়ার ও ওই দিনের বিচারিক কার্যক্রমের বৈধতা নিয়েও প্রশ্ন তুলে প্রয়োজনীয় আইনি প্রতিকার চাওয়ার কথা জানিয়েছেন তিনি।

এ বিষয়ে উচ্চ আদালতে রিট আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান আলাউদ্দিন। তার ভাষ্য, একজন নিরপরাধ মানুষকে মাদকসেবী হিসেবে সাজা দেওয়ার অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

সময়ের আলো/আতা
  বিষয়:   মাদকসেবী  মাদকসেবী সাজিয়ে সাজা  ইউএনও  অভিযোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: