ধসে তলিয়ে গেল হাওয়াইয়ের বিখ্যাত সামুদ্রিক ধনু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হাওয়াইয়ের বিখ্যাত ‘হোলেই সি আর্চ’ ধসে প্রশান্ত মহাসাগরে তলিয়ে গেছে। প্রায় ৫৫০ বছর আগে আগ্নেয় লাভা থেকে তৈরি হওয়া ৯০

2026-10-03T23:25:44+00:00
2026-10-03T23:25:44+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ধসে তলিয়ে গেল হাওয়াইয়ের বিখ্যাত সামুদ্রিক ধনু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১১:২৫ পিএম 
ধসে তলিয়ে গেল হাওয়াইয়ের বিখ্যাত সামুদ্রিক ধনু। ছবি : সংগৃহীত
হাওয়াইয়ের বিখ্যাত ‘হোলেই সি আর্চ’ ধসে প্রশান্ত মহাসাগরে তলিয়ে গেছে। প্রায় ৫৫০ বছর আগে আগ্নেয় লাভা থেকে তৈরি হওয়া ৯০ ফুট (২৭ দশমিক ৪ মিটার) উচ্চতার সামুদ্রিক ধনু বা খিলান আকৃতির এই প্রাকৃতিক শিলাখণ্ডটি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ ছিল। 

বিবিসি জানিয়েছে, ঠিক কখন সি আর্চটি ধসে পড়েছে তা জানা যায়নি।

ন্যাশনাল পার্ক সার্ভিস (এনপিএস) জানিয়েছে, গত ২৩ সেপ্টেম্বরও ভলকানোস ন্যাশনাল পার্কের উপকূল থেকে খিলানাকৃতির শিলাটি সমুদ্রের দিকে প্রসারিত অবস্থায় দেখা গিয়েছিল। তবে ২৭ সেপ্টেম্বর সেখানে গিয়ে আর সেটির অস্তিত্ব পাওয়া যায়নি। এনপিএস এক বিবৃতিতে জানিয়েছে, সি আর্চটির দুই পাশের উপকূলীয় এলাকায় বহু বছর ধরেই অস্থিতিশীলতার লক্ষণ দেখা যাচ্ছিল। ২০২১ সালেই সংস্থাটি সতর্ক করে বলেছিল, একসময় এই প্রাকৃতিক শিলাখণ্ডটি ভেঙে পড়তে পারে।

হাওয়াই দ্বীপের চেইন অব ক্রেটার্স রোডের একেবারে শেষ প্রান্তে ছিল সি আর্চটির অবস্থান। হাওয়াইয়ের মূল দ্বীপটি ‘বিগ আইল্যান্ড’ নামেও পরিচিত। দর্শনীয় এই প্রাকৃতিক স্থাপনাটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল এবং এর অসংখ্য ছবি তোলা হয়েছে। গত সপ্তাহান্তে ট্রপিক্যাল স্টর্ম নোলোর কারণে পার্কটি সাময়িকভাবে বন্ধ থাকাকালে সি আর্চটি ধসে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৮ সালে কিলাউয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও এর চূড়ার অংশ ধসে পড়ার সময় কয়েক দফা ভূমিকম্পে সি আর্চটির কাছের খাড়া পাহাড়গুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল। সি আর্চটির চূড়ান্ত ধসকে পার্কটির দুর্গম ও এবড়োখেবড়ো উপকূলরেখার ‘সর্বশেষ পরিবর্তন’ হিসেবে উল্লেখ করেছে এনপিএস।

সংস্থাটি জানায়, ২০২০ সালের জানুয়ারিতে পাহাড়ের খাড়া অংশে নতুন ফাটল ও অস্থিতিশীলতা দেখা দেওয়ায় পার্ক কর্তৃপক্ষ পুরোনো সি আর্চ দেখার স্থানটি বন্ধ করে দেয়। কয়েক মাস পর আরও নিরাপদ দূরত্বে নতুন একটি দর্শনীয় স্থান চালু করা হয়। ওই বছরের শেষ দিকে একটি ট্রপিক্যাল স্টর্মের ঢেউ সি আর্চটির নিচের অংশের একটি বড় টুকরো ভেঙে নিয়ে যায়।

২০২১ সালে পার্ক সার্ভিস বলেছিল, এই প্রাকৃতিক স্থাপনাটি সুন্দর, কিন্তু ক্ষণস্থায়ী এবং এর আয়ু সীমিত। একসময় সি আর্চটি সমুদ্রে ধসে পড়বে। তবে পাহাড়ের খাড়া অংশ ধীরে ধীরে স্থলভাগের দিকে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে অন্য কোনো প্রাকৃতিক খিলান হয়তো নতুন জায়গা করে নেবে।

সি আর্চটি ধসে পড়ার খবর এনপিএস সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার পর হাজারো মানুষ এতে লাইক ও মন্তব্য করেছেন। অনেকে সেখানে সি আর্চ দেখতে যাওয়ার স্মৃতি শেয়ার করেছেন এবং পুরোনো ছবিও পোস্ট করেছেন। 

ফেসবুকে এক পর্যটক মন্তব্য করেছেন, ‘কোনো কিছুই বা কেউই চিরস্থায়ী নয়। কোটি কোটি বছর পর সূর্যও নিভে যাবে। তাই এখনকার ভালো ও সুন্দর সময়টুকুকে উপভোগ করুন, সময় থাকতে কদর করুন।’

হোলেই সি আর্চ ছিল হাওয়াইয়ের আগ্নেয়গিরি প্রধান ভূপ্রকৃতির একটি অনন্য নিদর্শন। সমুদ্রের খাড়া পাড় থেকে প্রশান্ত মহাসাগরের দিকে বেরিয়ে থাকা এই লাভার খিলানটি প্রকৃতির দীর্ঘদিনের ক্ষয় প্রক্রিয়ার ফল। ‘হোলেই’ নামটিরও বিশেষ অর্থ রয়েছে। ন্যাশনাল পার্ক সার্ভিসের তথ্য অনুযায়ী, হোলেই একটি স্থানীয় উদ্ভিদের নাম। এটি মিল্কউইড পরিবারের একটি উদ্ভিদ, যা হাওয়াই দ্বীপপুঞ্জে পাওয়া যায়।


তবে সি আর্চ দেখতে যতই শক্ত ও স্থায়ী মনে হোক, প্রকৃতপক্ষে এগুলো ভূপ্রকৃতির ক্ষণস্থায়ী বৈশিষ্ট্য। খিলান তৈরি হওয়ার পরও সমুদ্রের ঢেউ তার পাথরের ওপর ক্ষয় চালিয়ে যায়। ধীরে ধীরে খিলানের ওপরের অংশ ও সংযোগকারী শিলাস্তর দুর্বল হয়ে পড়ে। একপর্যায়ে পুরো খিলানটি ধসে পড়ে।

হাওয়াই মূলত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও লাভার প্রবাহে গড়ে ওঠা দ্বীপপুঞ্জ। ফলে এখানকার উপকূলীয় ভূপ্রকৃতি এখনও সক্রিয়ভাবে পরিবর্তিত হচ্ছে। নতুন লাভা জমে কোথাও ভূমি বাড়ছে, আবার অন্যদিকে সমুদ্রের ঢেউ ও আবহাওয়ার প্রভাবে পুরোনো লাভার শিলা ক্ষয়ে যাচ্ছে।

ন্যাশনাল পার্ক সার্ভিস হাওয়াইয়ের দক্ষিণ উপকূলের সমুদ্রকে বিশেষভাবে উত্তাল হিসেবে বর্ণনা করেছে। ২০১৮ সালের কিলাউয়া অগ্ন্যুৎপাত ও সংশ্লিষ্ট ভূমিকম্পগুলোও এই অঞ্চলের উপকূলীয় শিলাস্তরে প্রভাব ফেলেছিল। সেসময় হোলেই সি আর্চের কাছাকাছি উপকূলের একটি অংশ ধসে সমুদ্রে পড়ে যাওয়ার ঘটনাও নথিভুক্ত হয়েছিল।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   হাওয়াই  সামুদ্রিক ধনু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: