বাগেরহাটের পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকায় নোঙর করে থাকা একটি পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টার অভিযোগ উঠেছে। বনরক্ষীদের চার রাউন্ড গুলিবর্ষণের পর সন্দেহভাজনরা ট্রলার নিয়ে সাগরের দিকে পালিয়ে যায়।
শনিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে সুন্দরবনের কটকা খালের সাগর মোহনায় এ ঘটনা ঘটে। ওই সময় সেখানে নোঙর করে ছিল পর্যটকবাহী জাহাজ ‘দি ওয়েভ-২’।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) তানভির হাসান ইমরান রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অজ্ঞাতপরিচয় একদল বনদস্যু ইঞ্জিনচালিত একটি ফিশিং ট্রলারে করে ‘দি ওয়েভ-২’-এর দিকে এগিয়ে আসছিল। বিষয়টি কটকা মোহনায় সাগরে অবস্থানরত জেলেরা মুঠোফোনে বনরক্ষীদের জানান।
খবর পেয়ে বনরক্ষীরা দ্রুত একটি বোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজনদের ধাওয়া করেন। একপর্যায়ে তাদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়া হলে ট্রলারটি গতিপথ পরিবর্তন করে দ্রুত সাগরের দিকে পালিয়ে যায়।
এদিকে, ‘দি ওয়েভ-২’-এর পাশাপাশি আরেকটি পর্যটকবাহী জাহাজ ‘আরালসী’ বর্তমানে কটকা এলাকায় অবস্থান করছে। দুটি জাহাজে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৯৭ জন পর্যটক রয়েছেন বলে জানিয়েছেন ‘দি ওয়েভ-২’-এর মাস্টার মো. শামিম আলম।
বাগেরহাটের সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, কটকায় পর্যটকবাহী জাহাজের দিকে বনদস্যুদের এগিয়ে আসার ঘটনা উদ্বেগজনক। এর আগে ওই এলাকায় এ ধরনের ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, সম্প্রতি সুন্দরবনে বনদস্যুদের অপতৎপরতা বেড়েছে। তারা জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করছে। বনদস্যু দমনে সুন্দরবনে কোস্টগার্ডের রাতের টহল আরও জোরদার করা প্রয়োজন।
সময়ের আলো/এসএকে