জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের অংশগ্রহণের একটি ছবি নিয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে।
শনিবার (৩ অক্টোবর) রাতে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের নৈশভোজে অংশগ্রহণের ছবিটি হোয়াইট হাউস থেকে পাঠানো হয়েছে। পরে ছবিটি জনসাধারণের জন্য প্রকাশ করা হয়। বিভিন্ন গণমাধ্যমও ছবিটিকে হোয়াইট হাউসের সৌজন্যে প্রকাশ করেছে।
প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, প্রকাশিত ছবিটিকে মিথ্যা প্রমাণের চেষ্টা করতে এর সঙ্গে একটি এআই-নির্মিত ছবি যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।
ওই এআই-নির্মিত ছবিতে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে। সেখানে ট্রাম্পকে কার্ডবোর্ডের কাটআউটের মতো দেখানো হয়েছে।
তবে যাচাইকারী প্ল্যাটফর্ম Hibrid.info জানিয়েছে, কুর্তির পাশে কার্ডবোর্ডের মতো ট্রাম্পকে দেখানো ছবিটি আসল নয়; ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছিল।
এদিকে, কসোভোর প্রধানমন্ত্রীর কার্যালয়ও ২ অক্টোবর জানিয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সপ্তাহে নিউইয়র্কে আলবিন কুর্তির সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ হয়েছিল। কুর্তির কার্যালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, ওই সাক্ষাতে কুর্তি প্রতিরক্ষা খাতে ন্যাটোর বিনিয়োগ বাড়ানোর জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান।
অন্যদিকে, তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবিটি ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে আয়োজিত অনুষ্ঠানের। প্রধানমন্ত্রীর দপ্তর ৩ অক্টোবর ছবিটি প্রকাশ করে এবং বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ছবিটি হোয়াইট হাউস থেকে সরবরাহ করা হয়েছে।
ফলে একটি এআই-নির্মিত ব্যঙ্গাত্মক ছবিকে ব্যবহার করে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের নৈশভোজে অংশগ্রহণের প্রকাশিত ছবিটিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে—এমন অভিযোগ করেছে প্রধানমন্ত্রীর দপ্তর।
সময়ের আলো/এসএকে