বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় রাউন্ডে বড় জয় পেয়েছে আবাহনী লিমিটেড। চাঁদপুর জেলা স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-১ গোলে হারিয়ে মৌসুমে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে আকাশি-নীলরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় আবাহনী। চতুর্থ মিনিটেই অ্যান্থনি ওকাচির গোলে এগিয়ে যায় তারা। বাবাতুন্দের সঙ্গে বোঝাপড়ার পর পাকিস্তানি মিডফিল্ডার মঈন আহমেদের বাড়ানো বলে প্লেসিং শটে জাল খুঁজে নেন নাইজেরিয়ান ফরোয়ার্ড।
দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে আবাহনী। ইফতিয়ার হোসেনের ফ্রি-কিক থেকে উঁচু হয়ে হেডে গোল করেন মঈন আহমেদ। মাত্র ছয় মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় মারুফুল হকের দল। তবে ১৪ মিনিটে ওয়ান্ডারার্স ম্যাচে ফেরার আভাস দেয়। সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর জাহিদ হোসেন বক্সে ঢুকে দুর্দান্ত ভলিতে আবাহনীর জালে বল পাঠান। ব্যবধান কমে আসে ২-১।
ওয়ান্ডারার্স এরপর কিছুটা চাপ তৈরি করলেও ৩৩ মিনিটে আবারও ধাক্কা খায়। বক্সে বাবাতুন্দেকে ফেলে দেওয়ায় পেনাল্টি পায় আবাহনী। স্পট কিক থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন বাবাতুন্দে। বিরতির আগে আর গোল হয়নি।
দ্বিতীয়ার্ধে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল ওয়ান্ডারার্স। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি শাহেদ। অন্যদিকে আবাহনীও বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে। শেষ পর্যন্ত ৭৬ মিনিটে আবার গোলের দেখা পায় আবাহনী। বক্সে বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ওকাচি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আল আমীন গোল করলে বড় জয় নিশ্চিত হয় আবাহনীর।
প্রথম ম্যাচে পিডব্লিউডির সঙ্গে গোলশূন্য ড্র করার পর দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে আবাহনী এখন পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। বিপরীতে দুই ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়া ঢাকা ওয়ান্ডারার্স রয়েছে সবার নিচে।
দিনের আরেক ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় ওনিয়েকাচি ওকাফোরের হ্যাটট্রিকের পরও জয় পেল না সিটি ক্লাব। ফর্টিস এফসির সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে তারা। ম্যাচের পঞ্চম মিনিটেই সিটি ক্লাবকে এগিয়ে দেন ওকাফোর। ১৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন তিনি। দুই গোলে পিছিয়ে থেকেও লড়াইয়ে ফেরে ফর্টিস। ৩৮ মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের গোলে ব্যবধান কমে আসে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে ওমর বাবু গোল করলে ২-২ হয়। তবে ৫৪ মিনিটে আবারও গোল করেন ওকাফোর। এনামুল গাজির পাস থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ৩-২ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত হার এড়ায় ফর্টিস। ৬৯ মিনিটে নরিকি আকান্দার দূরপাল্লার শটে আবারও সমতায় ফেরে তারা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-৩ গোলে সমতায় ম্যাচ শেষ হয়।
দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ফর্টিস আছে টেবিলের দ্বিতীয় স্থানে। সমান পয়েন্ট সিটি ক্লাবেরও, তবে গোল ব্যবধানে তারা চতুর্থ। দিনের অন্য ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘ ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ২-২ গোলে ড্র করেছে।
সময়ের আলো/প্রিন্ট/এসএকে