গাইবান্ধার সুন্দরগঞ্জে ৮৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি)। এ সময় তাদের কাছ থেকে নগদ ৮ হাজার ৯০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকালে এসআরবি-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের পূর্ব হাতিয়া গ্রামের মমতাজ আলীর ছেলে সুজা মিয়া (৩২) এবং কুড়িগ্রামের রৌমারী উপজেলার নওদাপাড়া গ্রামের জবেদ আলীর ছেলে নুরুজ্জমান মিয়া (৪২)।
এসআরবি-১৩ জানায়, শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে গাইবান্ধা ক্যাম্পের সিপিসি-৩ এর একটি দল সুন্দরগঞ্জ উপজেলার বালারছিড়া মোড়ে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল আরোহী দুইজনকে তল্লাশি করে। এ সময় তাদের কাছ থেকে ৮৩২ পিস ইয়াবা, নগদ ৮ হাজার ৯০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তাদের গ্রেফতার করা হয়।
এসআরবি-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
সময়ের আলো/জোই