যমুনেশ্বরীতে নেই নৌকাবাইচ, পেশা বদলেছেন জেলেরা

সাইফুল ইসলাম, রংপুর

সারাদেশ

একসময় রংপুরের বদরগঞ্জ পৌর শহরের যমুনেশ্বরী নদীর তীরে নৌকাবাইচ ঘিরে তৈরি হত উৎসবের আমেজ। দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত

2026-10-04T18:48:08+00:00
2026-10-04T19:17:55+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
যমুনেশ্বরীতে নেই নৌকাবাইচ, পেশা বদলেছেন জেলেরা
সাইফুল ইসলাম, রংপুর
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৬:৪৮ পিএম  আপডেট: ০৪.১০.২০২৬ ৭:১৭ পিএম
নাব্যতা সংকট, নদীর বুকে চর জেগে ওঠা ও অবৈধ বালু উত্তোলনের কারণে যৌবন হারিয়েছে যমুনেশ্বরী। ছবি : সময়ের আলো
একসময় রংপুরের বদরগঞ্জ পৌর শহরের যমুনেশ্বরী নদীর তীরে নৌকাবাইচ ঘিরে তৈরি হত উৎসবের আমেজ। দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলত প্রতিযোগিতা। নদীর দুই পাড়ে দূর-দূরান্ত থেকে ছুটে আসা মানুষের ভিড়ে পা ফেলার জায়গা থাকত না। সেই চেনা দৃশ্য এখন শুধুই স্মৃতি। নাব্যতা সংকট, নদীর বুকে চর জেগে ওঠা ও অবৈধ বালু উত্তোলনের কারণে যৌবন হারিয়েছে যমুনেশ্বরী। প্রায় এক দশক ধরে বন্ধ রয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচও।

শংকরপুর হরকান্তের ডাঙ্গা মৎস্যজীবী সমিতি সূত্রে জানা গেছে, শেখটারি ও গুদামপাড়া এলাকার জেলে পরিবারের সদস্যরা মূলত যমুনেশ্বরী নদীতে মাছ ধরা, নৌকায় মানুষ পারাপার এবং নৌকাবাইচে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু নদীতে চর জেগে ওঠা, নাব্যতা কমে যাওয়া ও বালু উত্তোলনের কারণে মাছের পরিমাণ কমে গেছে। এতে জেলে পরিবারের সংখ্যাও কমেছে। বর্তমানে এলাকায় জেলে পরিবারের সংখ্যা দুই শতাধিকের নিচে নেমে এসেছে। কমেছে নৌকার সংখ্যাও। জীবিকার তাগিদে অনেকে বাধ্য হয়ে অন্য পেশায় চলে গেছেন।

স্থানীয় জেলে বামন দাস, গুরুদাস ও সুবল শর্মা সময়ের আলোকে বলেন, প্রায় ছয় বছর ধরে তারা নদীতে মাছ ধরা ছেড়ে অটোরিকশা ও সিএনজি চালাচ্ছেন। নদীতে মাছ ও খেয়া পারাপার কমে যাওয়ায় জীবিকার তাগিদে তাদের পেশা পরিবর্তন করতে হয়েছে।

শংকরপুর হরকান্তের ডাঙ্গা মৎস্যজীবী সমিতির সভাপতি সীমন্ত দাস বলেন, ‘মূলত জেলে পরিবারের সদস্যরাই নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নিতেন। বর্তমানে নদীগুলোর নাব্যতা কমেছে, দূষিত হয়ে পড়ছে এবং আগের মতো মাছও পাওয়া যাচ্ছে না। এ ছাড়া খেয়া পারাপারের সংখ্যাও অনেক কমে গেছে।’

তিনি বলেন, ‘এখন নদী ভরাট হয়ে চর জেগে উঠছে। নদীতে তেমন পানি নেই। অনেক জেলে পেশা ছেড়ে দেওয়ায় আগের মতো নৌকাও নেই। এ কারণে প্রায় ১০ বছর ধরে যমুনেশ্বরীতে নৌকাবাইচ হয় না।’

যমুনেশ্বরী নদীর পাড়ের বাসিন্দা ও শিক্ষক ছাইদুল হক বলেন, ‘নদীমাতৃক বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী বিনোদন নৌকাবাইচ। একসময় এ প্রতিযোগিতা দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ নদীর পাড়ে ভিড় করতেন। কিন্তু দীর্ঘদিন ধরে বদরগঞ্জের যমুনেশ্বরী নদীতে নৌকাবাইচের আয়োজন দেখিনি।’

তিনি নদীর নাব্যতা ফিরিয়ে আনা, প্রয়োজনীয় প্রতিবন্ধকতা দূর করা এবং যমুনেশ্বরীতে আবারও নৌকাবাইচ চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

স্থানীয়দের মতে, নদী খনন, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং পানিপ্রবাহ স্বাভাবিক করা গেলে যমুনেশ্বরীর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব। একইসঙ্গে নদীকে ঘিরে জীবিকা হারানো জেলে পরিবারগুলোর জন্য কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হতে পারে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   যমুনেশ্বরী  নৌকাবাইচ  পেশা বদলেছেন জেলেরা  বদরগঞ্জ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: