পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। গল্পের নাটকীয়তা ও চরিত্রগুলোর পাশাপাশি সাম্প্রতিক পর্বে দুরেফিশান সেলিমের বিয়ের সাজও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় এসেছে। বিশেষ করে তার পরনের পিশওয়াজের দাম নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
নাটকের সাম্প্রতিক পর্বে শেহরিয়ার মুনাওয়ারের চরিত্র আবু বকর ও দুরেফিশানের জারিয়াবের বহুল প্রতীক্ষিত নিকাহ দেখানো হয়। এর আগে দর্শকদের মধ্যে প্রশ্ন ছিল, জামিলের চরিত্রে নামির খান রাত সাড়ে ৪টার মধ্যে পৌঁছে নিকাহ ঠেকাতে পারবেন কি না। শেষ পর্যন্ত আবু বকর ও জারিয়াবের নিকাহর মধ্য দিয়ে সেই অপেক্ষার অবসান হয়।
নিকাহর দৃশ্যে দুরেফিশানকে দেখা গেছে আইভরি রঙের পিশওয়াজ ও চুড়িদারে। সঙ্গে ছিল সোনালি ও আইভরি রঙের চাদর-দুপাট্টা। ভারী সাজের বদলে ঐতিহ্যবাহী নকশা, সূক্ষ্ম কাজ ও মিনিমাল ব্রাইডাল লুকই ছিল তার সাজের মূল আকর্ষণ।
পিশওয়াজটি তৈরি করেছেন ডিজাইনার রিজওয়ান আহমেদ। পোশাকে রয়েছে সোনালি প্যাচের কাজ। আর গোল্ড-অ্যান্ড-আইভরি চাদরটি নেওয়া হয়েছে লাজ বাই লাজওয়ান্তি থেকে। মজার বিষয় হলো, একই চাদর এর আগে অভিনেত্রী হানিয়া আমিরকেও পরতে দেখা গেছে।
জানা গেছে, দুরেফিশানের পরনের পিশওয়াজটির দাম ৮৫ হাজার পাকিস্তানি রুপিরও বেশি।
‘দার-ই-নিজাত’ ২০২৬ সালের ১ আগস্ট এআরওয়াই ডিজিটালে প্রচার শুরু হয়। উমেরা আহমেদের লেখায় নির্মিত নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন শেহরিয়ার মুনাওয়ার ও দুরেফিশান সেলিম। প্রতি শুক্রবার ও শনিবার রাত ৮টায় প্রচারিত হচ্ছে নতুন পর্ব।
সময়ের আলো/এমকে