নাইট ক্লাবে যাওয়ার অভিযোগে জাতীয় দলের দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়রের বিরুদ্ধে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্রীড়া ভাতা বাতিল করা হতে পারে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
রোববার (৪ অক্টোবর) জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের সভাকক্ষে এশিয়ান গেমসে পদকজয়ী উশু খেলোয়াড় জিন্নাত আক্তারকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বিষয়টি নিয়ে কথা বলেন প্রতিমন্ত্রী।
ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের ৯-২ গোলের বড় হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দুই ফুটবলারের নাইট ক্লাবে যাওয়ার একটি ছবি ছড়িয়ে পড়লে বিতর্ক শুরু হয়।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘ফুটবলের ফলাফল এমনিতেই খুব খারাপ হয়েছে। তার ওপর এই অভিযোগ। আমি খুব হতাশ হয়েছি। ওই সময় কারা ম্যানেজমেন্টে ছিলেন, সে বিষয়গুলোও আমরা খতিয়ে দেখছি। আমি পরিষ্কারভাবেই বলছি, যারা নাইট ক্লাবে গিয়েছেন; এমন অভিযোগ প্রমাণিত হলে শৃঙ্খলাভঙ্গের জন্য অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তারা যদি ক্রীড়া ভাতার আওতায় থাকেন, তাহলে তা বাতিল করা হবে।’
তিনি আরও বলেন, ‘বাফুফে সভাপতির সঙ্গে কথা বলেছি। তিনি সম্ভবত দেশের বাইরে আছেন। তিনি ফিরলে বাকি বিষয়গুলো নিয়ে কাজ করব। এ বিষয়ে এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এমন পারফরম্যান্সের পর এ ধরনের কাজ করার দুঃসাহস কীভাবে পেল, সেটিও খতিয়ে দেখা হবে। সবকিছুই তদন্ত করা হবে।’
তবে অভিযুক্ত দুই ফুটবলার দাবি করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি পুরোনো। ১ অক্টোবর ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচের পর তারা নাইট ক্লাবে যাননি বলেও জানিয়েছেন তারা। তদন্তের পরই অভিযোগের সত্যতা নিশ্চিত হবে।
সময়ের আলো/এমকে